• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশকে স্বর্ণ এনে দিলেন সেই অন্তরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০১৯, ১১:২৭ পূর্বাহ্ণ
বাংলাদেশকে স্বর্ণ এনে দিলেন সেই অন্তরা

এসএ গেমসের ত্রয়োদশ আসরে দ্বিতীয় পদক জিতলেন হুমায়রা আক্তার অন্তরা। তবে এবার আর ব্রোঞ্জ নয়, জিতলেন সোনা। মেয়েদের এটি দ্বিতীয় স্বর্ণ পদক। সবমিলিয়ে এখন পর্যন্ত এটি বাংলাদেশের চতুর্থ সোনা জয়। মঙ্গলবার মেয়েদের কারাতে কুমিতে অনূর্ধ্ব-৬১ কেজির ফাইনালে নেপালের আনু গুরংকে ৫-২ পয়েন্টে হারিয়ে দেশকে দিনের তৃতীয় সোনার পদক এনে দেন অন্তরা। এর আগে কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কাউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে এদিন বাংলাদেশকে দ্বিতীয় স্বর্ণ এনে দেন মারজানা আক্তার পিয়া।

লাল-সবুজের হয়ে দিনের প্রথম পদক জেতেন মোহাম্মদ আল আমিন। কারাতে ফাইনালে পাক অ্যাথলেট জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে সোনা জেতেন তিনি। আর সোমবার বাংলাদেশকে প্রথম সোনা এনে দেন দিপু চাকমা। তায়কোয়ান্দো ডিসিপ্লিনে ছেলেদের একক পুমসায় ঊর্ধ্ব-২৯ শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারান তিনি। তবে দেশকে প্রথম পদক এনে দেন হুমায়রা।