• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৭, ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : নাশকতা মামলায় গোপালগঞ্জের কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা উজ্জ্বল বিশ্বাসকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত উজ্জ্বল বিশ্বাস কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি ওই গ্রামের মৃত গ্রীরেন বিশ্বাসের ছেলে।

ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, ছাত্রলীগ নেতা উজ্জ্বলকে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি ভোর রাতে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে ধারালো দা, করাত, লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। জনমনে ভীতি সৃষ্টি করতে যানবাহন চলাচলে বাঁধা দেয়। পরে খবর পেয়ে দায়িত্বরত পুলিশের ওই দল ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় ২২ ফেব্রুয়ারী কাশিয়ানী থানার রামদিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫৫ জনকে আসামি করে কাশিয়ানী থানায় মামলা করেন। #