• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে সরকারি চাল জব্দ, ইউপি সদস্য পলাতক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০১৯, ০৩:০১ পূর্বাহ্ণ
বরিশালে সরকারি চাল জব্দ, ইউপি সদস্য পলাতক

উজিরপুর প্রতিনিধি ॥ উজিরপুরে খাদ্য অধিদপ্তরের ৭ বস্তা সরকারি চাল উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাস। এ সময় ইউপি সদস্য পালিয়ে যান। গতকাল বিকেলে উপজেলার গুঠিয়া ইউনিয়নের নারায়নপুর বাজারের রতন সমদ্দারের ফার্নিচারের দোকান থেকে ৩০ কেজি করে ৭ বস্তা চাল গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করেন নির্বাহী অফিসার। স্থানীয় কতিপয় ব্যক্তি জানান, ইউপি সদস্য মোজাম্মেল হোসেন হতদরিদ্রদের চাল আত্মসাৎ করে ঐ দোকানে লুকিয়ে রেখেছিলেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে অভিযোগ করেন। এর ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, মডেল থানার এস,আই মানিকসহ একটি টীম ঘটনাস্থল থেকে ২১০ কেজি চাল উদ্ধার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ডাঃ দেলোয়ারের কাছে জিম্মায় রাখেন। আরো জানা যায়, অভিযান চলাকালীন সময়ে ইউপি সদস্য মোজাম্মেল হোসেন পালিয়ে যান। এ বিষয়ে ইউপি সদস্য মোজাম্মেল হোসেনের কাছে জানাতে চাললে তিনি বলেন, ভোক্তারা ঐ দোকানে চাল গচ্ছিত রেখেছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে আমার প্রতিপক্ষরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি চাল উদ্ধার করে চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উজিরপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের কাকড়াধাড়ী গ্রামের সাবেক ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ জলিল হাওলাদার (৭০) বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না……রাজেউন)। বৃহস্পতিবার সকাল ৬টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বেলা ৩টায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন উজিরপুর মডেল থানার এস.আই মানিকসহ একদল চৌকস পুলিশ সদস্য। উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার, আরো উপস্থিত ছিলেন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, আঃ ছত্তার, আবুল কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।