ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানার নেতৃত্বে একটি মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন সড়কে মানববন্ধনের মধ্য দিয়ে শেষ হয়।
মানববন্ধনে ওই ছাত্রীকে ও তার পরিবারকে সমবেদনা জানিয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘আজকে স্বাধীনতার ৪৮ বছর পরও আমাদের দেশের মা-বোনরা নিরাপদ না। তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রীর ওপর যারা এ রকম নিষ্ঠুর নির্যাতন করেছে তারা আসলে মানুষ না। আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম আজো আছি।
তাই আমরা সরকারকে বলতে চাই এ যৌন নিপীড়ন ও যারা এ ঘটনার সাথে জড়িত তাদের সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক বিচার হোক। এমনভাবে তাদের শাস্তি দেওয়া হোক দেশের আনাচে কানাচে যেন এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে। মানববন্ধনে বিভন্ন হলের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গত রবিবার ক্লাস শেষে বিশ্ববিদ্যালয়ের বাসে বান্ধবীর বাসায় রওনা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে বাস থেকে নেমে হেঁটে শেওড়া ওভার ব্রিজের দিকে এগোচ্ছিলেন তিনি। আনুমানিক ১৫০ মিটার সামনে গেলে এক দুর্বৃত্ত হঠাৎ তাঁর মুখ চেপে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তাঁকে গলফ ক্লাব সংলগ্ন নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এ খবর ছড়িয়ে পড়লে রবিবার রাত ৩টায় ক্যাম্পাসে তাত্ক্ষণিক প্রতিবাদসহ ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা।