• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভালোবাসা দিবসে লাশ হলো নববিবাহিত তরুণী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২০, ০২:১৬ পূর্বাহ্ণ
ভালোবাসা দিবসে লাশ হলো নববিবাহিত তরুণী

ভালোবাসা দিবসে স্বামীর সঙ্গে ঘুরতে বের হয়ে লাশ হলেন পুতুল আক্তার (১৮) নামে নববিবাহিত এক তরুণী।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার কোড্ডা সড়ক সেতুর কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান তিনি।

নিহত পুতুল আক্তার জেলার আখাউড়া উপজেলার নারায়ণপুর গ্রামের দেলোয়ার মিয়ার স্ত্রী।

এই ঘটনায় গুরুতর আহত দেলোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

নিহতের পারিবার জানায়, গত দুই মাস আগে জেলার আখাউড়া উপজেলার নারায়ণপুর গ্রামের নাসির মিয়ার ছেলে ওমান প্রবাসী দেলোয়ারের সঙ্গে একই উপজেলার মাঝিগাছা গ্রামের মানিক মিয়ার মেয়ে পুতুলের বিয়ে হয়।

ভালোবাসা দিবস উদযাপন করতে শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলে স্ত্রী পুতুলকে নিয়ে ঘুরতে বের হন দেলোয়ার।

দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে কোড্ডা সড়ক সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন দেলোয়ার।

এই সময় মোটরসাইকেলটি সড়কের পাশে খাদে পড়ে গুরুতর আহত হন তারা দুজন।

পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পুতুলকে মৃত ঘোষণা করেন।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এবিএম মুসা জানান, মাথায় আঘাতের কারণে পুতুলের মৃত্যু হয়েছে।

দেলোয়ারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।