• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা: ব্রিটেনে বাংলাদেশিসহ ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১০, ২০২০, ১৭:০৪ অপরাহ্ণ
করোনা: ব্রিটেনে বাংলাদেশিসহ ৫ জনের মৃত্যু

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে।

ব্রিটেনে এ পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে এনএইচএস।

গত সপ্তাহে ৩ জনের মৃত্যুর পর আজ ম্যানচেস্টারে এক ব্রিটিশ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সন্ধ্যার পর সাউথ লন্ডনের চারশাল্টন হাসপাতালে ৭০ বছর বয়সী আরেকজনের মৃত্যুর খবর জানিয়েছেন হেলিয়ার ইউনিভার্সিটি হসপিটালের চীফ এক্সিকিউটিভ।

এ নিয়ে ব্রিটেনে মৃতের সংখ্যা দাঁড়াল ৫।

গত ২৪ ঘণ্টায় ৪৬ জনসহ ব্রিটেনে আক্রান্ত হয়েছেন ৩১৯ জন।

এদিকে লন্ডনে আতঙ্কে রয়েছেন বাংলাদেশিরা।

ব্রিটেনে ছড়িয়ে পরা করোনা থেকে বাঁচতে সচেতন রয়েছেন সবাই।

চীন, হংকং এবং দক্ষিণ কোরিয়া থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী যুক্তরাজ্যে পড়তে আসেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর, বিমানবন্দরসহ বিভিন্নস্থানে সতর্কতামূলক ব্যবস্থা নেয় ব্রিটিশ কর্তৃপক্ষ।

কিন্তু শেষ রক্ষা হয়নি। রাজধানী লন্ডনসহ বিভিন্নস্থানে এরই মধ্যে করোনা প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

এক কর্মী আক্রান্ত হওয়ার পর লন্ডন অফিস বন্ধ ঘোষণা করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

এমন পরিস্থিতিতে আতঙ্কিত ব্রিটিশ নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরা।

মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত নাগরিকরা খাদ্যদ্রব্য মজুত করতে শুরু করেছেন।

কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি আরও খারাপ হলে বন্ধ করে দেয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান।

সতর্কতা অবলম্বনে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

সেই সঙ্গে করোনা গবেষণায় প্রায় ছয় কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করেন তিনি।