• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সারা দেশের জন্য ১০দিন সাধারণ ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৩, ২০২০, ১১:৫৩ পূর্বাহ্ণ
সারা দেশের জন্য ১০দিন সাধারণ ছুটি ঘোষণা

বিশ্ব জুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিস্তার রোধে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এ সময় শুধু পুলিশ ও হাসপাতাল ছাড়া সব ধরনের সরকারি সেবা বন্ধ থাকবে।

সোমবার বিকালে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২৬ মার্চ সরকারি ছুটি, এর সঙ্গে ২৭-২৮ তারিখ সাপ্তাহিক ছুটি রয়েছে।

এর সঙ্গে ২৯ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হচ্ছে।

৩-৪ এপ্রিল আবার সাপ্তাহিক ছুটি রয়েছে।

তবে ওষুধের দোকান, কাঁচাবাজার সব খোলা থাকবে।

প্রধানমন্ত্রী কার্যালয়ে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

গত ডিসেম্বরে চীনের উহান থেকে মহামারী আকারে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস।

এ ভাইরাসে সারাবিশ্বে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন।

মারা গেছেন ১৪ হাজারেরও বেশি মানুষ।

এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৯৯ হাজার মানুষ।

বাংলাদেশে এ পর্যন্ত তিনজন এ রোগে মৃত্যুবরণ করেছেন।

আক্রান্ত হয়েছেন ৩৩ জন।