বরিশাল করোনার সংক্রমন সংক্রান্ত সরকারি প্রচারণার ছবি তুলতে গিয়ে স্থানীয় পত্রিকার দুই ফটো সাংবাদিককে পিটিয়ে আহত করার ঘটনায় বন্দর থানার তিন পুলিশ সদস্যকে লাইনে ক্লোজড করা হয়েছে।
ঘটনার তদন্তে ডিসি সাউথকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২৯মার্চ) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান জানিয়েছেন এই তথ্য।
ক্লোজড হওয়া তিনজন হলেন নায়েক মোঃ মহসিন, কনেস্টাবল মোঃ জাহিদ ও কনেস্টাবল মোঃ কাওসার।
তাদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ মোকতার হোসেনকে প্রধান করে তিন সদস্যদের একটি কমিটি গঠন করা হয়।
যথা দ্রুত সম্ভব গঠিত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
এরআগে গত শুক্রবার সন্ধ্যার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ব্রীজের ঢালে দুই ফটো সাংবাদিককে পিটিয়ে আহত করে পুলিশ।
বরিশালের আঞ্চলিক দৈনিক দেশ জনপদ পত্রিকার ফটোসাংবাদিক সাফিন আহমেদ রাতুল ও দৈনিক দখিনের মুখ পত্রিকার ফটো সাংবাদিক নাছির উদ্দিন জানান, বরিশাল সদর উপজেলার ইউএনও মোঃ মোশারেফ হোসেন ওই এলাকায় করোনা সংক্রমন সংক্রান্ত প্রচারণায় যান, যার ছবি তুলতে তারাও সেখানে যান।
ইউএনও’র বহরের সাথে থাকা পুলিশের সদস্যরা তাদের পিটিয়ে আহত করে।
ঘটনায় হতভম্ব হয়ে লজ্জায় বিষয়টি চেপে রাখেন তারা।
একপর্যায়ে বিষয়টি জানাজানি হওয়ায় সহকর্মীদের খুলে বলেন তারা।
এরপর সহকর্মীরা পুলিশ ও প্রশাসনের সাথে যোগাযোগ করলে আজ এ ব্যবস্থা নেয়া হয়।