• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবি শিক্ষার্থীকে চিকিৎসা দেয়নি কোনো হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৬, ২০২০, ১৪:০৭ অপরাহ্ণ
ঢাবি শিক্ষার্থীকে চিকিৎসা দেয়নি কোনো হাসপাতাল

গত ২৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন চাকমা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছুটা হেয়ালি করেই লিখেছিলেন, ‘আমার করোনা হয়নি, অথচ পরিস্থিতি দেখে মনে হচ্ছে হয়তো করোনায় আমার মৃত্যু হতে পারে।’

অবশেষে হেয়ালি থেকে তার সে লেখাই সত্য হয়েছে।

তবে করোনা অক্রান্ত হয়ে নয়, ক্যান্সারে আক্রান্ত এই শিক্ষার্থী বিনা চিকিৎসায় সোমবার সকালে মারা গেছেন।

এর আগে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে গেলেও করোনাভাইরাসের ভয়ে তাকে চিকিৎসা দেয়নি কোনো হাসপাতাল।

ফলে বিনা চিকিৎসাতেই মৃত্যু হয় তার।

সুমন চাকমা ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

শিক্ষা ও গবেষণা অনুষদের ২২তম ব্যাচের ছাত্র সুমন জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

সুমনের সহপাঠী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সরোয়ার আলম বলেছেন,‘বন্ধু সুমন অনেকদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত।

সে সম্প্রতি ভারত থেকে চিকিৎসাও নিয়ে এসেছিল।

পরে তার ফুসফুসজনিত রোগ দেখা দেয়ায় সে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ঘোরে।

শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় তাকে মারা যেতে হল।’

সুমন চাকমার মৃত্যুর বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, তিনি এই ধরনের সংবাদ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত নন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বিষয়টি দেখেছেন।

তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে তিনি জানান।