• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে প্রচুর প্রবাসী বরিশাল বিভাগে ঢুকছে-পুলক চ্যাটার্জী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১০, ২০২০, ১৮:৩২ অপরাহ্ণ
মাদারীপুরে প্রচুর প্রবাসী বরিশাল বিভাগে ঢুকছে-পুলক চ্যাটার্জী

বরিশালকে লকডাউন ঘোষণা করার দাবি তুলেছেন নগরীর সচেতন মহল।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ও বরিশাল বিভাগে করোনা আক্রান্ত দুইজন রোগীর মৃত্যু হওয়ায় এই দাবি আরও জোড়ালো হয়ে উঠেছে।

বরিশালে কোনো নাগরিক যেন করোনা আক্রান্ত না হয়, সেই বিষয়টিকে মাথায় রেখেই এই দাবি তোলা হচ্ছে বলে জানিয়েছেন অনেকে।

জানা গেছে, মাদারীপুরে প্রচুর প্রবাসী থাকায় এবং পটুয়াখালী ও বরগুনায় দুইজন করোনায় আক্রান্তের মৃত্যুর পর বরিশালবাসী আতঙ্কের মধ্যে রয়েছে।
সচেতন নগরবাসীও বরিশাল জেলাকে লকডাউন করার দাবি করেছেন।
ইতোমধ্যে বরিশাল মেট্রাপলিটন পুলিশ জরুরিভিত্তিক যানবাহন ছাড়া সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।
আর ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে কেউ বের হলে তার বিরুদ্ধেও নেয়া হচ্ছে ব্যবস্থা।
অপরদিকে এলাকাবাসীর উদ্যোগে নগরীর নাজির মহল্লা এলাকা লকডাউন করা হয়েছে।
যেটাকে সাধুবাদ জানিয়েছেন প্রশাসনের লোকজনও।

বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পুলক চ্যাটার্জী বলেন, মাদারীপুরে প্রচুর প্রবাসী রয়েছে।

যারা আমাদের জেলায় অবাধে প্রবেশ করছে।

তাছাড়া মাদারীপুরের শিবপুর আমাদের জেলা থেকে বেশি দূরে নয়।

এছাড়াও দুমকিতে নারায়ণগঞ্জ থেকে আসা এক ব‌্যক্তি করোনায় আক্রান্ত হযে মারা গেছে।

তাছাড়া আমতলীতে আওয়ামী লীগের এক নেতাও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।

তার জানাযায় অনেক লোক হয়েছে এবং তার মরদেহ খোলা অবস্থায় ছিল।

আমতলী এলাকা লকডাউন করা হলেও লকডাউন করার আগে লোকজন যদি আমাদের জেলায় এসে থাকে তাহলে সেটা আমাদের জন্য দুশ্চিন্তার।

তাই বরিশাল জেলা অনতিবিলম্বে লকডাউন করা উচিৎ।