• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুখে সিগারেটের ধোঁয়া ছোড়ার জেরে সীতাকুণ্ডে জোড়া খুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২০, ১৪:৪৬ অপরাহ্ণ
মুখে সিগারেটের ধোঁয়া ছোড়ার জেরে সীতাকুণ্ডে জোড়া খুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের হাতে দুই যুবক খুন হয়েছে।

বৃহস্পতিবার রাতে পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের ভূঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলো পৌরসভার আমিরাবাদ গ্রামের আব্বাস আলীর ছেলে মো. জাহিদ (২৪) ও ভূঁইয়াপাড়া এলাকার নায়েব আলীর ছেলে মো. শাহীন (২২)। পুলিশ ও এলাকার কাউন্সিলর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় রকি, বাহার ও মো. হোসেন নামক তিন অভিযুক্তকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল সীতাকুণ্ড পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা ৯ম শ্রেণির এক ছাত্র ইরফানের মুখে সিগারেটের ধোঁয়া ছাড়ে অপর এক কিশোর।

এ নিয়ে তাদের মধ্যে মারামারি হয়।

২৩ এপ্রিল বৃহস্পতিবার এ নিয়ে ভূঁইয়াপাড়া মুছার ঘাটা এলাকায় উভয় পক্ষের মধ্যে একটি শালিশি বৈঠক হবার কথা।

সেখানে ইরফানের পক্ষে বৈঠকে যোগ দিতে যাওয়া জাহিদ ও শাহীনকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা ধারালো ছোড়া দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর আহত করে।

এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে রাতেই তারা দুই জন মারা যায়।

ঐ এলাকা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর শফিউল আলম মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৯ম শ্রেণির এক ছাত্রের মুখে সিগারেটের ধোঁয়া ছাড়ার ঘটনা নিয়ে দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়।

এ ঘটনা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে একটি বৈঠক হবার কথা ছিলো।

সে বৈঠকে যাবার পথে জাহিদ ও শাহীনকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

এদিকে শুক্রবার সকালে এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে ছুটে যান সীতাকুণ্ড থানার ওসি মো. ফিরোজ হোসেন মোল্লা, ওসি (তদন্ত) শামীম শেখ, ওসি (ইন্টিলিজেন্স) সুমন বণিকসহ পুলিশ সদস্যরা।

ওসি ফিরোজ হোসেন মোল্লা ও ওসি (ইন্টিলিজেন্স) সুমন বণিক জানান, কিশোর গ্যাংয়ের বখাটে একটি ছেলে ৯ম শ্রেণির এক ছাত্রের মুখে সিগারেটের ধোঁয়া ছেড়ে দেওয়ায় মারামারি হয়।

এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় তারা বৈঠকে এটি মীমাংসার সিদ্ধান্ত নেয়।

এক বড় ভাই বৈঠক করার কথা। ছাত্রের পক্ষে সেখানে যাবার সময় জাহিদ ও শাহীন প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত হয় এবং গভীর রাতে তারা চমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ওসি (ইন্টিলিজেন্স) সুমন বণিক আরো বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রকি (২০) মো. হোসেন (২০) ও বাহার উদ্দিন (২১) নামক তিনজনকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছি।

বিকালে লাশ পোস্টমর্টেম শেষে নিহতদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

লাশ দাফন শেষে এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হবে বলে জানান তিনি।