আজ মহান মে দিবস। দিনটিকে এবার যথাযথ মর্যাদায় পালন করা যাচ্ছে না বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাবের কারণে।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি), বরিশাল জেলা কমিটির আয়োজনে বরিশালের শ্রমিক নেতা অ্যাডভোকেট এ কে আজাদের নেতৃত্বে শতাধিক শ্রমজীবী মানুষ আজ সকাল সাড়ে ১০ টায় বরিশাল অশ্বিনী কুমার হলের সামনে বৃষ্টি উপেক্ষা করে মালিকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে।
টিইউসি বরিশাল জেলা কমিটির সহ-সভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কবি অপূর্ব গৌতম, রুহুল আমিন হাওলাদার, তুষার সেন প্রমূখ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১লা মে শ্রমজীবী মানুষের মুক্তির দিন হিসেবে বিবেচিত হইলেও পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় গরিব মেহনতী শ্রমিকরা বারবারই শোষণ নির্যাতনের শিকার হচ্ছে মালিক শ্রেণীর পক্ষ থেকে।
বৈশ্বিক মহামারী এই করোনাকালীন সময়েও মালিক শ্রেণী শ্রমিকদেরকে যেভাবে শোষণ করছে এক কথায় তা অমানবিক।
বক্তারা বলেন, এই দুর্যোগকালীন সময়েও ত্রাণ বিতরণে দলীয়করণ করা হচ্ছে, পক্ষপাতিত্ব করা হচ্ছে। মুটে মজুরদের ঘরে খাবার নেই।
চরম অব্যবস্থাপনার মাধ্যমে বিতরণ হচ্ছে ত্রান। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই।
অবিলম্বে গরীব মেহনতী মানুষদের হাতে ত্রাণ পৌঁছে দেওয়ার জোর দাবি জানানো হয়।
সভার শুরুতেই বিশ্বে আজ পর্যন্ত যারা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, সাংবাদিক তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এই সভায় করোনা আক্রান্ত হয়ে আজ পর্যন্ত যে সকল শ্রমজীবী মানুষ মৃত্যুবরণ করেছে তাদের পরিবারকে সরকারি তরফে ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানানো হয়।
আর যারা আক্রান্ত হয়েছে তাদেরকে সুচিকিৎসা এবং আর্থিক ক্ষতি পূরণের দাবি জানানো হয়।