হোসাইন আমির, কুয়াকাটা প্রতিনিধি
কুযাকাটার মহিপুর থানার গোড়া আমখোলাপাড়া গ্রামে হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় ষাটোর্ধ্ব এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার রাত নয়টার দিকে নিজের বাড়িতে তিনি মারা যান। শনিবার রাত থেকেই ওই এলাকা লকডাউন করে দিয়েছে প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার। তিনি বলেন, ওই ব্যক্তি ১০ দিন আগে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা থেকে পটুয়াখালীর মহিপুর থানার নিজের বাড়িতে আসেন। তিনি অসুস্থ ছিলেন। এরপর তাঁকে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যানের তত্ত¡াবধানে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। তিনি জানান, মৃত ব্যক্তি ও তাঁর সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আজই পাঠানো হবে।
ওই ব্যক্তির স্ত্রী শ্যামলী রানী জানান, মঠবাড়িয়া থেকে আসার পর তাঁর জ্বর, সর্দি ও কাশি ছিল। তার কন্যা নিপা রানী দাস জানান, তাকে আলাদা ঘরে খাবার দেয়া হত।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনসার উদ্দিন মোল্লা বলেন, ওই ব্যক্তি একজন পল্লী চিকিৎসক ছিলেন। মঠবাড়িয়া থেকে আসার পর উপজেলা স্বাস্থ্য বিভাগের পরামর্শে তাঁকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। কোয়ারেন্টিনে থাকার নয় দিনের মাথায় তিনি মারা গেলেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, ঘটনার পর পরই ওই এলাকা লকডাউন করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক সাংবাদিকদের বলেন, ‘মৃত ব্যক্তির নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। করোনা বিধি মেনে ওই ব্যক্তিকে সৎকার করা হয়েছে’।