বরিশালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা চিকিৎসক ডা. এমদাদ উল্লাহ খান (৫৮) করোনায় আক্রান্ত ছিলেন।
মৃত ওই চিকিৎসকের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। তবে তিনি বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডে বসবাস করতেন।
শনিবার রাত সাড়ে ১১টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের তথ্যের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন।
তিনি জানান, মৃত ওই চিকিৎসক বরিশাল জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (চর্ম ও যৌন) পদে কর্মরত ছিলেন।
গত ১৯ জুন বিকাল সাড়ে ৫টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এমদাদ উল্লাহ খানের মৃত্যু হয়।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার বিকালে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন চিকিৎসক এমদাদ উল্লাহ।
শুক্রবার সকালে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
ওই দিন বিকাল সাড়ে ৫টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
ডা. এমদাদ উল্লাহ খান শেরেবাংলা মেডিকেল কলেজের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।