ঈদের দিন সকালে কোরবানির মাংস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আলী হোসেন (২৫) নামের এক যুবক।
নিখোঁজ থাকার দুই দিন পর আজ সোমবার দুপুরে তার লাশ মিলেছে ক্ষেতে।
ঘটনাটি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জগন্নাথপুর পৌর এলাকার বটেরতলের আব্দুল গফুরের ছেলে আলী হোসেন গত শনিবার ঈদের দিন সকালে কোরবানির মাংস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।
অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
আজ সোমবার সকালে জগন্নাথপুর-হবিবপুর মাঝপাড়া সড়কের পাশের দক্ষিণ এলাকায় জমির পানিতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআেই রফিকুল আহমদ রফিক জানান, কোরবানির মাংস সংগ্রহ করতে গিয়ে যুবক নিখোঁজ হন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে।
এছাড়া ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন।
কোনোধরনের অভিযোগ না থাকায় আমরা ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছি।