• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নৌকাডুবিতে নিখোঁজ নববধূসহ তিনজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩, ২০২০, ০৮:৪৩ পূর্বাহ্ণ
নৌকাডুবিতে নিখোঁজ নববধূসহ তিনজনের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে নৌকা ডুবে নিখোঁজ নববধূসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন, মাগুরী গ্রামের বরজু মিয়ার মেয়ে হীরামনি (৫), মো. মোখলেছ মিয়ার নব বিবাহিতা স্ত্রী সুমাইয়া (১৮) ও একই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে নৌকার মাঝি হাসান আলী (৭০)।

আজ সোমবার সকাল ৯টায় মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় ডুবুরি দল।

ইটনা থানার ওসি মুর্শেদ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় করে একই উপজেলার কুর্শি গ্রামে তারা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান।

সেখান থেকে ফেরার পথে বাড়ির কাছাকাছি আসার পর প্রবল ঢেউয়ের তোড়ে নৌকাটি ধনু নদীতে ডুবে যায়।

আশপাশের লোকজন এসে নৌকার ৮ যাত্রীকে জীবিত উদ্ধার করতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হন তিনজন।

গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের মাগুরী এলাকায় ধনু নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।