নিজস্ব প্রতিবেদক
বরিশাল উদীচী শিল্পিগোষ্ঠীর জেলার সভাপতি ও স্থানীয় দৈনিক ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরণকে জীনননাশের হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এই ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। রোববার দুপুরে নগরীর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন সাইফুর রহমান মিরণ নিজেই। জিডিতে উল্লেখ করা হয়, বৃহষ্পতিবার উদীচী কার্যালয়ে চিঠির বাক্স খুলে বেনামে একটি চিঠি পান। স্থানীয় নানান ইস্যুতে আন্দোলনে সম্পৃক্ত থাকায় তা থেকে বিরত থাকতে বলা হয়। না হলে পরোক্ষভাবে হত্যার হুমকি দেয়া হয়েছে। সাধারণ ডায়েরি গ্রহন করে তদন্ত এবং আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম।##