বরিশাল ব্যুরো
প্রায় ১ হাজার ১০০ কোটি টাকার প্রকল্প বাতিল হয়ে যাওয়ায় নগরীতে জলাবদ্ধতা সৃষ্টিসহ নগরবাসীর ভোগান্তির জন্য দায়ী করে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ আনিচুজ্জামানকে শোকজ করা হয়েছে। করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন স্বাক্ষরিত এক পত্রে ওই চিঠি প্রকৌশলী আনিচুজ্জামানকে গত বৃহস্পতিবার পাঠানো হয়। নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ আনিচুজ্জামান বৃহৎ ওই প্রকল্পের প্রকল্প কর্মকর্তা ছিলেন।
বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন গত শুক্রবার শোকজের বিষয় স্বীকার করলেও কোনো মন্তব্য করতে চাননি। তিনি এ বিষয় বিস্তারিত জানতে করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন। বিসিসির দায়িত্বশীল সূত্রে
জানা গেছে, গত বছর একনেকের সভায় নানা অসংগতির কারণে বরিশাল সিটি করপোরেশনের প্রায় ১ হাজার ১০০ কোটি টাকার প্রকল্প বাতিল হয়ে যায়। রাস্তাঘাট ও নগর উন্নয়নে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক ওই প্রকল্পে ব্যাপক অসংগতি ছিল। করপোরেশন থেকে পুনরায় তা সংশোধন করে প্রায় ৬৯০ কোটি টাকার প্রকল্প প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়।
সূত্র জানায়, সম্প্রতি কয়েক দফায় নগরী জোয়ারের পানিতে ডুবে যাওয়া এবং জনগণের চরম ভোগান্তি হওয়ায় সিটি করপোরেশনের উচ্চ পর্যায় থেকে অসন্তোষ দেখা দেয়। প্রকল্পটি অনুমোদন না হওয়ার নেপথ্যে নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ আনিচুজ্জামানের গাফিলতি রয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এমনকি ওই প্রকল্প যাতে অনুমোদন না হয় এ জন্য প্রকৌশলী আনিচুজ্জামান উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা ত্রুটি-বিচ্যুতি করেছেন বলে শোকজে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জানতে বিসিসির নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ আনিচুজ্জামানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। সিটি করপোরেশনের সচিব ইবাদত হোসেন বলেন, ‘আমার এ বিষয়ে কিছু জানা নেই। সিইও স্যারকে জিজ্ঞেস করেন।’
প্রসঙ্গত জোয়ারের পানি প্রবেশ করে সম্প্রতি কয়েক দফায় বরিশাল নগরী ডুবে যায়। এর ফলে চরম ভোগান্তি দেখা দেওয়ায় জনঅসন্তোষ দেখা দিয়েছে নগরবাসীর মধ্যে।
আলোকিত বাংলাদেশ