সৈয়দ নূর-ই আলম, বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনা জেলার বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বেড়িবাঁধ ভেংগে প্লাবিত হয়েছে পাঁচটি গ্রাম।
এতে পানিবন্ধী রয়েছে ৫ শতাধিক পরিবার। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ করে সহায়তা ও বেড়িবাঁধ মেরামতের আশ্বাস দিয়েছেন ।
গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও অমাবশ্যার ভরা কটালের ( আঞ্চলিক ভাষায় অমাবশ্যা জোবায়) জন্য পানি বৃদ্ধি পেয়েছে। বিষখালী নদীর তীরবর্তী পৌরসভার ১ নং ওয়ার্ডের পুরাতন থানা এলাকা, ৭ নং ও ৮ নং ওয়ার্ডের বাজারে রাস্তাঘাট কাঁচা ও আধাকাঁচা বাড়ি-ঘর জোয়ারের সময় পানিতে তলিয়ে যায়। আবার জোয়াড় শেষ হলে ৪/৫ ঘন্টা পরে পানি নেমে যায়। উপজেলার ৫ নং বুড়ামজুমদার ইউনিয়নের ঘোষের খাল নামক খালটির বেড়িবাঁধ ভেংগে কাউনিয়া, পশ্চিম কাউনিয়া ও বুড়ামজুমদার ইউনিয়নের ৫টি গ্রামের ৫ শতাধিক মানুষ পানিবন্ধী হয়ে পড়েছে। পানিবন্ধী পরিবারগুলোর ঊনোনে পানি উঠার জন্য রান্না বন্ধ হয়ে গেছে। গবাদি পশু নিয়ে এসব পরিবার বিপাকে রয়েছে। আমনের বীজতলা, সবজিক্ষেত ও পানের বরজও পানির মধ্যে তলিয়ে রয়েছে। এলাকার বাসিন্দা ও সাবেক ভাইস চেয়ারম্যান আ:সোবহান বলেন,‘ ঘোষের খালের বেড়িবাঁধটি আম্ফানের সময় ক্ষতিগ্রস্থ হয়েছিল। এরপর পূর্ন সংস্কার না করায় পানিচাপে বেড়িবাঁধ ভেংগে গেছে।’ বুড়ামজুমদার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কৃষক আলতাফ তালুকদার ও জগদ্বীশ হাওলাদার জানায়,‘ গত কয়েকদিনের একটানা বর্ষণ ও জোয়ারের পানিতে পানের বরজ ও বাড়িঘর তলিয়ে রয়েছে এবং খাবার রান্না শুকনো জায়গায় করতে হয়।’ বুড়ামজুমদার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব শুক্কুর বলেন,‘ ইতোমধ্যে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে শুকনো খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
এ বিষয় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান বলেন,‘ আমরা উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকাগুলো পরিদর্শন করে বেশি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করেছি এবং বেড়িবাঁধ পূর্ন মেরামত করা হবে।’