• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে কলেজছাত্রীর নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৪, ২০২০, ১৯:৩০ অপরাহ্ণ
বরিশালে  কলেজছাত্রীর নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

বরিশাল-পটুয়াখালি মহাসড়কের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে স্বর্ণা আক্তার মীম (১৬) নামের এক কলেজছাত্রী। এসময় প্রত্যক্ষদর্শী একজন জেলে তাকে উদ্ধার করে প্রশাসনের সহায়তায় হাসপাতালে ভর্তি করেন।

গতকাল সোমবার দুপুর সোয়া ২টার দিকে বরিশাল সদর উপজেলাধীন দপদপিয়া সেতু এলাকায় এই ঘটনা ঘটে।

মিম পিরোজপুর জেলার স্বরুপকাঠীর সুটিয়াকাঠি গ্রামের কাঠব্যবসায়ী আ. মালেকের সন্তান ও স্বরূপকাঠীর ফজিলা রহমান মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

ওই কলেজছাত্রীর বোন ইভা জানান, সোমবার সকাল ১০টার দিকে সে নিজ বাড়ি থেকে বের হয়। পরে প্রেমঘটিত কারণে প্রেমিকের সাথে অভিমান করে দুপুর সোয়া ২টার দিকে আত্মহত্যার চেষ্টায় সেতুর ওপর থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দেয়।

কিশোরীকে উদ্ধারকারী আজিজ খলিফা (৬২) জানান, বেলা ২টার দিকে সেতুর নীচ বরাবর কীর্তনখোলা নদীতে মাছ ধরছিলেন তিনি। এ সময় সেতুর ওপর থেকে বোরকা পরিহিত ওই শিক্ষার্থী নদীতে ঝাপ দেয়। নদীর তীব্র স্রোতে ভেসে যাওয়া অবস্থায় তিনি মেয়েটিকে উদ্ধার করেন এবং নদী তীরবর্তী এলাকার গাজী বাড়িতে নিয়ে যান। সেখানকার বাসিন্দারা ওই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে তার পরিবার ও থানায় খবর দেন। পরে পুলিশ ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় গাজী বাড়ির বাসিন্দা মোঃ সুমন (২৬) জানান, প্রাথমিক চিকিৎসার পরে জিজ্ঞাসাবাদে ওই শিক্ষার্থী জানিয়েছে, সে তার প্রেমিককে নিয়ে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে ঘুরতে আসেন। দীর্ঘদিনের প্রেম থাকলেও ইদানিং প্রেমিক তার সঙ্গে এই সম্পর্ক চলমান রাখতে অপরাগতা প্রকাশ করেন। এনিয়ে তাদের কথা কাটাকাটির একপর্যায়ে নদীতে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা করে শিক্ষার্থী মীম। তবে মেয়েটি নদীতে ঝাঁপিয়ে পড়ার সাথে সাথেই ছেলেটি পালিয়ে যান বলে জানিয়েছেন সুমন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জানান, প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো কারণে মেয়েটি আত্মহত্যার চেষ্টা করেছিল। বর্তমানে মেয়েটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।