• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় কেড়ো নিলো ৯ জনের প্রাণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২০, ০৬:৫১ পূর্বাহ্ণ
সড়ক দুর্ঘটনায় কেড়ো নিলো ৯ জনের প্রাণ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জনের প্রাণ গেছে। এর মধ্যে চট্টগ্রামের পটিয়ায় দুই ভাই, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুসহ ২ জন, ময়মনসিংহের ফুলপুরে ১ জন, টাঙ্গাইলের দেলদুয়ারে নারী, কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লরিচালক, নাটোরের বড়াইগ্রামে যুবক, গাজীপুরের কাপাসিয়ায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম : পটিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় নিহত দুই ভাই হলেন মো. আরমান (১৭) ও সিফাত (১৬)। দু’জনই পটিয়া পৌরসভা এলাকার সেয়ানপাড়া এলাকায় ভাড়াবাসায় থাকত। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাই। রোববার বিকাল ৪টার দিকে বাইপাসের সেয়ানপাড়ার কাছে এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের চকঘোড়াপাখিয়া এলাকায় ভটভটি-অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে নিহতরা হল এক শিশু ও অটোচালক মুখলেসুর রহমান মুকুল (৫৫)। মুকুল শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর মদিনাপাড়ার বাসিন্দা। রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে।

ফুলপুর (ময়মনসিংহ) : উপজেলার হরিরামপুরে বাসের ধাক্কায় নিহত যুবক হাবিবুর রহমান (৩৫) পুড়াপুটিয়া গ্রামের বদিউজ্জামানের ছেলে। অটোরিকশাযোগে শনিবার দুপুরে ফুলপুর আসার পথে তিনি দুর্ঘটনায় পড়েন। পরে রোববার হাসপাাতালে মারা যান।

দেলদুয়ার (টাঙ্গাইল) : দেলদুয়ারে ভাতিজার পিকআপ চাপায় নিহত চাচি জামেলা বেগম (৫৫) স্থানীয় সওদাগর মোল্লার স্ত্রী। উপজেলার এলাসিন ইউনিয়নের পাছ এলাসিন পালপাড়ায় রোববার এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) : ব্রাহ্মণপাড়ায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে নিহত চালক রাশেদ (২৭) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা। কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের ব্রাহ্মণপাড়ার মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় নিহত আজগর আলী (৩২) উপজেলার উত্তরপাড়ার আবদুল কুদ্দুস খাঁর ছেলে। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পারকোল বাজার এলাকায় শুক্রবার তিনি দুর্ঘটনার শিকার হন। পরে সোমবার হাসপাতালে মারা যান।

কাপাসিয়া (গাজীপুর) : ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক রিপন (৩৫) মাদারীপুরের কালকিনির কয়রা এলাকার মাহবুব হোসেনের ছেলে। কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের ধলাগড় সেতুর কাছে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের দর্শনা ফিলিং স্টেশনের সামনে সোমবার ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুকুল হোসেন (৩২) নামের এক যুবকের দুই পা ভেঙে গেছে। তিনি জীবননগর উপজেলা সদর হাসপাতালপাড়ার মোকসেদ আলীর ছেলে