• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আবারো বরিশালে চলন্ত লঞ্চে সন্তান প্রসব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৪, ২০২০, ০৫:২৩ পূর্বাহ্ণ
আবারো বরিশালে চলন্ত লঞ্চে সন্তান প্রসব

বরিশাল ব্যুরো

ঢাকা থেকে বরিশালে যাবার পথে এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে গর্ভবর্তী এক নারী নিরাপদে কন্যা সন্তান প্রসব করেছেন।

শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১ টায় মেঘনা নদীতে চলমান ওই লঞ্চটিতে এ ঘটনা ঘটে। বর্তমানে শিশু সন্তানসহ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকার বাসিন্দা ফোরকান হাওলাদারের স্ত্রী ফাহিমা বেগম সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
লঞ্চ সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকার বাসিন্দা ফোরকান হাওলাদার ঢাকায় একটি গার্মেন্টেসে চাকুরি করেন। তার গর্ভবতী স্ত্রী ফাহিমা বেগমকে নিয়ে শনিবার রাতে ঢাকা থেকে এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের ২১০ নম্বর কেবিনে করে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন। রাত সাড়ে ১১ টার দিকে স্ত্রী প্রসব বেদনা দেখা দিলে তিনি লঞ্চের অন্য যাত্রীদের সাথে বিষয়টি আলাপ করেন।

দুজন নারীর সহায়তায় নিরাপদে বাচ্চা প্রসব করান। এ সময় গরম পানি, স্যাভলনসহ যাবতীয় সহায়তা করেন লঞ্চের স্টাফরা। নিরাপদে শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পরে গোটা লঞ্চে মাইকে এর ঘোষণা দেয়া হলে গোটা লঞ্চে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
এদিকে, খবরটি জানতে পেরে লঞ্চ কোম্পানির চেয়ারম্যানের স্ত্রী ওই শিশুটির নাম নুসাইবা রেখেছেন। এছাড়া চেয়ারম্যান নিজাম উদ্দিন মৃধা’র পক্ষ থেকে ওই দম্পতি ও সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুটির আজীবনের জন্য এ কোম্পানির লঞ্চে যাতায়াত ফ্রি করার ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন লঞ্চের সুপারভাইজার নুর খান মাসুদ এবং সাইফুল ইসলাম।

এ খবরে লঞ্চের একজন যাত্রী তার কাছে থাকা মিষ্টি যাত্রীদের মাঝে বিতরণ করেন।