• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে গৃহবধূকে ধর্ষণ : যুবক গ্রেপ্তার : গৃহবধূকে মারধর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২০, ১১:০০ পূর্বাহ্ণ
নলছিটিতে গৃহবধূকে ধর্ষণ : যুবক গ্রেপ্তার : গৃহবধূকে মারধর

নলছিটি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে দুই সন্তানের জননী এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে শহিদুল হাসান হিরণ (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। শনিবার রাতে উপজেলার কাঠিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার রাতে ওই যুবকের বিরুদ্ধে নলছিটি থানায় মামলা করেন নির্যাতিত গৃহবধূ। এদিকে ধর্ষণের শিকার ওই গৃহবধূকে অভিযুক্ত যুবকের সঙ্গে বসিয়ে অশ্লীল ভিডিও ধারণ ও ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি শ্বশুর বাড়ির লোকজন গৃহবধূকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।
পুলিশ ও নির্যাতিতর পরিবার জানায়, শনিবার রাতে কাঠিপাড়া গ্রামে ওই গৃহবধূর বাড়ির পেছনের গাছ বেয়ে ছাদ থেকে ঘরের ভেতরে প্রবেশ করে হিরণ। সে গৃহবধূর কক্ষে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তাঁর চিৎকার শুনে পরিবার ও আশেপাশের লোকজন এসে ধর্ষণকারী যুবককে আটক করে। তার হাত-পা বেঁধে মারধর করে স্থানীয়রা। এসময় নির্যাতনের শিকার গৃহবধূকে নানা অপবাদ নিয়ে মারধর করে শ্বশুর বাড়ির লোকজন। এমনকি ধর্ষণকারী ও গৃহবধূকে পাশাপাশি বসিয়ে অশ্লীল ভিডিও ধারণ ও ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেয় স্থানীয়রা। ঘটনার পরপরই গৃহবধূকে তাঁর বাবার বাড়িতে পাঠিয়ে দেয় শ্বশুর বাড়ির লোকজন।
গৃহবধূর অভিযোগ, তাঁর স্বামী ঢাকায় চাকরি করেন। শাশুড়িও ঘটনার সময় বাড়িতে ছিলেন না। ধর্ষণের ঘটনা শুনে তারা আমার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করার ঘোষণা দিয়েছেন। শ্বশুর বাড়ির লোকজন আমাকে বাড়ি থেকে নামিয়ে দিয়েছে। আমি নির্যাতিত হলাম আবার তাদের মারও খেলাম, এখন আমাকে বাড়িতেও রাখবে না। আমি কোথায় যাবো। আমার স্বামী বলেছে, ‘তুই ধর্ষণের শিকার হইছ, তোকে আর রাখা যাবে না; তালাক দিয়ে দিবো।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম তালুকদার জানান, ধর্ষণের ঘটনায় মামলা করেছে ওই গৃহবধূ। আসামি গ্রেপ্তার হয়েছে। ওই গৃহবধূকে মারধর, ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়া ও তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়ার কথা শুনেছি। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।