• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার-৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২২, ২০২০, ০৮:০৪ পূর্বাহ্ণ
গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার-৩

মাদারীপুরে অপহরণ করে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষনের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পানিছত্র এলাকার লতিফ বেপারী ছেলে ফারুক হোসেন (৪৬), মহিষেরচর এলাকার বেলুন হাওলাদারের ছেলে তৈয়ব আলী হাওলাদার (৪৮) ও একই এলাকার মান্নান হাওলাদারের ছেলে লিটন হাওলাদার (৪৯)।

র‌্যাব জানায়, সদরের কলাবাড়ি গ্রামের ফারুক হোসেনের ভাড়াটিয়া বাসায় অপহরণ করে এক গৃহবধূকে তিনদিন আটকে গণধর্ষণ করেছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি বাড়িতে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় গৃহবধুকে উদ্ধার করা হয়, পাশাপাশি মূলহোতা ফারুক হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শহরের পানিছত্র এলাকায় অভিযান চালিয়ে তাদের দুই সহেযাগি লিটন ও তৈয়ব আলীকে আটক করা হয়েছে।

এদিকে আটককৃতদের ও উদ্ধার গৃহবধূকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে তিনজনকে আসামী করে মামলা করলে আসামীদের গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে পাঠায় পুলিশ। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শহিদুল ইসলাম তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।