• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হত্যার অভিযোগে প্রমাণিত হওয়ায় বরিশালে যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২, ২০২০, ০৭:২১ পূর্বাহ্ণ
হত্যার অভিযোগে প্রমাণিত হওয়ায় বরিশালে যুবকের যাবজ্জীবন

মোটরসাইকেল চালককে জবাই করে হত্যা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার বরিশালের জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম ওই রায় প্রদান করেন।

ওই আদালতের বেঞ্চ সহকারী হেদায়েতউল্লাহ জাকির জানান, সাজা প্রাপ্ত আসামীর নাম আমান উল্লাহ। তিনি বাকেরগঞ্জের পশ্চিম চরাদী এলাকার আলাউদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগে ২০১৮ সনের ১ জানুয়ারী বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার খোন্তাখালী এলাকার বাদশা খলিফা। মামলার নথি সূত্রে জানা গেছে, আমান উল্লাহ নলছিটি উপজেলার মল্লিকপুর গ্রামে জামাল মল্লিকের বাড়ীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

তার ছেলে রুমান খলিফা ভাড়ায় মোটর সাইকেল চালাতেন। আমান উল্লাহ ও রুমান খলিফা সম বয়সী হওয়ায় দুইজনের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় তারা বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতেন।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর বিকালে বাদীর ছেলে রুমান খলিফা আসামী আমান উল্লাহর সাথে মোটর সাইকেল যোগে বাকেরগঞ্জে যান। রাত ১ টায় রুমান মুঠো ফোনে বাবাকে জানান তিনি আমানউল্লাহর সাথে তাদের বাকেরগঞ্জের বাড়ীতে আছেন।

পরদিন ভোরে আনিসুর রহমান লিটন নামে একজন ফোন করে বাদীকে জানান তার ছেলেকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং বিস্তারিত জেনে মামলা দায়ের করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে। ২০১৮ সালের ২৮ মে আমান উল্লাহর বিরদ্ধে চার্জশিট দাখিল করেন বাকেরগঞ্জ থানার এস আই শেখ মোঃ জাহিদুল ইসলাম।

আদালত ২০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রোববার ওই রায় প্রদান করেন। মামলা পরিচালনা করেন একেএম জাহাঙ্গীর।