• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে মলম পার্টির হাতে অটো চালক খুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২০, ১১:০৯ পূর্বাহ্ণ
পটুয়াখালীতে মলম পার্টির হাতে অটো চালক খুন

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার হরিদেবপুর খেয়াঘাটে ছিনিয়ে নেয়া অটো রিক্সা বিক্রি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয় দুই ঘাতক। পটুয়াখালী সদর উপজেলার মৌকরনের বাসিন্দা ইউনুস শিকদারের ছেলে রবিউল সিকদার(২২) ও একই এলাকার শাহজাহানের ছেলে রাজিব বেপারী(২৫)কে প্রাথমিক তথ্য বিবরনীতে আটক করা হয়েছে। খুনের ঘটনার অপর মাষ্টার মাইন্ড গলাচিপা উপজেলার শানু আকনের ছেলে মোহাম্মদ সবুজ আকন (৩০) গাঁ ঢাকা দিয়েছেন। এদিকে দুই ঘাতক আটক হওয়ার একদিন পর বুধবার সকালে দুমকী উপজেলার কচাবুনিয়া সড়কের একটি ধানক্ষেত থেকে নিখোঁজ হওয়া অটো চালক আনোয়ার হোসেনের মৃতদেহ উদ্ধার করে দুমকী থানার পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন যুগান্তরকে এমন তথ্য নিশ্চিত করে বলেন-খুনের ঘটনায় জড়িত সবুজকে গ্রেফতার করতে দফায় দফায় অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় নিহত‘র ছেলে মোঃ সাইদুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেছেন।

পুলিশ ও নিহত‘র পারিবারিক সুত্রে জানা গেছে-গত ২ নভেম্বর রাত আনুমানিক ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাগলা চত্বর থেকে দুমকী উপজেলার ধোপারহাট যাওয়ার জন্য অটো চালক আনোয়ার হোসেনকে রির্জাভ (সংরক্ষিত ভাড়া) করে আটককৃত রবিউল ও রাজিব। প্রতিদিনের মত ওই দিন রাতে আনোয়ার হোসেন বাড়ী ফিরে না যাওয়ার কারনে তার দুই ছেলে শহিদুল ইসলাম ও সাইদুল ইসলামসহ পরিবারের সদস্যরা একাধিক স্থানে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়। এঘটনার পর (৩ নভেম্বর) মঙ্গলবার বিকালে পটুয়াখালীর গলাচিপা উপজেলার হরিদেবপুর খেয়াঘাট থেকে স্থানীয়রা ফোন করে পরিবার জানায়-“একটি অটোরিক্সা দুই যুবক হরিদেবপুর খেয়াঘাট এলাকায় বিক্রি করতে আসছে। অটো রিক্সায় মোবাইল নম্বর লেখা দেখে আমরা কল করেছি। ঘটনা সন্দেহ জনক মনে হচ্ছে”। একই সঙ্গে স্থানীয়রা গলাচিপা থানা পুলিশকে অবহিত করলে গলাচিপা থানা পুলিশ রাজিব ও রবিউলকে আটক করে পরদিন দুমকী থানায় হস্তান্তর করা হয়। তবে এঘটনার সাথে আরো এক যুবক জড়িত রয়েছে বলে একটি সুত্র দাবী করছেন। সুত্র জানায়-অটো রিক্সা বিক্রিকালে রবিউল, রাজিবের সাথে আরো এক যুবক হরিদেবপুর ঘটনাস্থলে উপস্থিত ছিল। তাকে অজ্ঞাত কারনে ছেরে দেয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন ঘটনার বরাত দিয়ে আরো বলেন-পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রবিউল ও রাজিব জানায়-গত ২ নভেম্বর রাতে পাগলার মোড় থেকে রবিউল, রাজিব ও সবুজ সঙ্গবদ্ধ হয়ে অটো চালক আনোয়ার হাওলাদারকে দুমকী উপজেলার অর্ন্তগত ধোপারহাট যাওয়ার কথা বলে ভাড়া করে। পাঙ্গাশিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কচাবুনিয়া এলাকায় পৌছালে আনোয়ারের চোখে-মুখে মলম লাগিয়ে তাকে অচেতন করে রাস্তা সংলগ্ন ধানক্ষেতে ফেলে গলা কেটে হত্যা করে মৃত নিশ্চিত করে। পরক্ষনে রবিউল ও রাজিব অটোরিক্সা নিয়ে চলে যায় এবং অপরসহযোগী সবুজ অনত্র পালিয়ে যায়।

দুমকী থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন-বুধবার সকালে স্থানীয় গ্রাম পুলিশের তথ্যে দুমকী থানার পুলিশ আনোয়ারের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে। এসময় মৃতদেহের পাশ থেকে রক্ত মাখা একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও নিহত‘র ব্যবহৃত মোবাইল ও অটো রিক্সা উদ্ধার হয়েছে। ##