বরিশাল ব্যুরো
দুর্নীতি মামলায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র ও বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামালকে ৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাতের এই মামলায় আরো ৪ জনকে একই মেয়াদে কারাদন্ড দিয়েছে বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালত। সোমবার বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মহসিনুল হক এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছেন সাবেক বরিশাল পৌরসভার (বর্তমান বরিশাল সিটি করপোরেশন) নির্বাহী প্রকৌশলী (বর্তমান অবসরপ্রাপ্ত) মো. ইসহাক, সাবেক সহকারী প্রকৌশলী (বর্তমান ঢাকা নগর ভবনের স্থানীয় সরকার বিভাগের আরবান পাবলিক অ্যান্ড এনভয়েরমেস্টাল হেলথ সেক্টর ডেভলপমেন্ট প্রজেক্টের তত্তবাবধায়ক প্রকৌশলী) খান মুহাম্মদ নুরুল ইসলাম, সাবেক বরিশাল পৌরসভার উপ সহকারী প্রকৌশলী মো. আবদুস ছাত্তার ও বরিশাল নগরের কালিবারি রোডের বাসিন্দা ঠিকাদার মো. জাকির হোসেন।
রায়ের সময় উপস্থিত সাবেক সিটি মেয়র আহসান হাবিব কামালকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।