• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে ২ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১০, ২০২০, ১১:৫৪ পূর্বাহ্ণ
পিরোজপুরে ২ জনের যাবজ্জীবন

পিরোজপুর সদর উপজেলায় কৃষককে হত্যার দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে পিরোজপুরের দায়রা জজ আদালতের বিচারক মো. মহিদুজ্জামান এ আদেশ দেন। সেই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে আরও ২০ হাজার টাকা করে জরিমানা করে আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন- পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের আশরাফ আলী সরদার ওরফে আশু সরদার এর ছেলে মো. মাহাবুব সরদার (৪২) এবং পার্শ্ববর্তী বাগেরহাট জেলার কচুয়া উপজেলার চড় টেংরাখালী গ্রামের ছবেদ আলী মোল্লার মেয়ে রহিমা বেগম (৩৬)। তবে এ মামলা থেকে অন্য দুই অভিযুক্তকে অব্যাহতি দিয়েছে আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২২ জানুয়ারি বিকেলে পিরোজপুর সদর উপজেলার উত্তর পোরগোলা গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে নজরুল ইসলাম (৫০) বাড়ি থেকে বের হয়ে আরে ফিরে আসেননি। পরবর্তীতে ৩০ জানুয়ারি উপজেলার বাঘমারা গ্রামে একটি খড়ের গাদার পাশ থেকে খড়কুটা দিয়ে আবৃত অবস্থায় নজরুলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরের দিন নিহতের প্রথম স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলায় দায়ের করে।

পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত তিন আসামি পলাতক রয়েছে। পরকীয়া সম্পর্কের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ তদন্তে উল্লেখ করে।