বগুড়ার আদমদীঘির সান্তাহারে ছোট ভাইয়ের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাছুদা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে সান্তাহার-নওগাঁ সীমান্তের ঢাকা রোড নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পথচারীরা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও হেলপারকে আটক করতে পারেননি। নিহত মাসুদা নওগাঁর বদলগাছীর ভাণ্ডারপুর গ্রামের মৃত মতিয়ার রহমানের স্ত্রী।
(ঢাকা মেট্রো-ট-১৪-৩৮৩২) নম্বরের একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘাতক ট্রাকটি থানায় নিয়ে যায়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান জানান, ঘটনাটি সান্তাহার ঢাকা রোড নামক স্থানে হলেও নওগাঁ সীমানায় তাঁর মৃত্যু হওয়ায় বিষয়টি নওগাঁ সদর থানা পুলিশ দেখবে। নওগাঁ সদর মডেল থানার ওসি সরোয়ারদী হোসেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।