বরিশালের আগৈলঝাড়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ৩৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া আরও দুই জেলায় দু’জনকে ধর্ষণ করা হয়েছে। এদের মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিশোরী ও ধামরাইয়ে কলেজছাত্রী রয়েছে।
মুন্সীগঞ্জের গজারিয়ায় গৃহবধূকে প্রেমের ফাঁদে ফেলে ভিডিওচিত্র ধারণ করে তা দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এদিকে নওগাঁর নিয়ামতপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে কারাগারে পাঠানো হয়েছে। যুগান্তর স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার থানায় মামলা করা হয়েছে। উপজেলার দক্ষিণ চাদত্রিশিরা গ্রামের আনিচুর রহমান ভাট্টিকে চলতি বছরের ২ জানুয়ারি রাতে পুলিশ ধাওয়া করে। এ সময় সে একই এলাকার এক প্রবাসীর ঘরে প্রবেশ করে। তার সহযোগী হালিম হাওলাদার ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে আনিচুর রহমান প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে। পরে আনিচের সঙ্গে থাকা তার সহযোগী হালিম হাওলাদারও গৃহবধূকে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তারা ধর্ষণের ঘটনা ভিডিও ধারণ করে হুমকি দিয়ে একাধিকবার ওই গৃহবধূকে ধর্ষণ করেছে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। এখন পর্যন্ত ধর্ষককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মাছুমাবাদ দিঘীরপাড় এলাকার অম্ভবিশ বিশ্বাসের ছেলে চন্দ্র কিশোর চন্দ্রা (৪৮) ২৮ অক্টোবর সন্ধ্যায় ওই কিশোরীকে ধর্ষণ করে।
ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে কলেজছাত্রীকে বিয়ের প্রলোভনে ২ বছর ধরে এক ব্যবসায়ী বাড়িতে এনে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ী অন্যত্র বিয়ে করায় ওই কলেজছাত্রী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অনশন করছেন। উপজেলার বালিয়া সৈয়দপুর মোড় এলাকার বাসিন্দা মো. আবুবকর সিদ্দিকের ছেলে ব্যবসায়ী জুলহাসের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই প্রেমিকাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে শারীরিক নির্যাতন করারও অভিযোগ উঠেছে।
মুন্সীগঞ্জ : গজারিয়ায় ধর্ষণের শিকার গৃহবধূ বলেন, দেড় বছর আগে নতুন বসতঘরে বৈদ্যুতিক তার ওয়্যারিং করতে আসা স্থানীয় ইলেকট্রিশিয়ান রফিকের সঙ্গে তার পরিচয় হয়। ঘর ওয়্যারিংয়ের কাজ শেষ করার পর রফিক তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত করত।
এ সুবাদে তার সঙ্গে সুসম্পর্কও গড়ে ওঠে। একদিন তার বাড়ি ফাঁকা থাকার সুবাদে রফিক কৌশলে তাকে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করে এবং ভিডিওচিত্র ধারণ করে। পরে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করে রফিক। এদিকে ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে কয়েক মাস আগে রফিক ও তার ৫/৬ জন বন্ধু মিলে ওই গৃহবধূকে নারায়ণগঞ্জের কাঁচপুরে নিয়ে ধর্ষণ করে।
এ সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও তারা ধারণ করে রাখে। লোকলজ্জার ভয়ে বিষয়টি তখন কাউকে না জানালেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে বাধ্য হয়ে আইনের আশ্রয় নেন ওই গৃহবধূ।
নিয়ামতপুর (নওগাঁ) : নিয়ামতপুরে গৃহবধূকে মর্টার ঘরে (এসটিডব্লিউ) তুলে নিয়ে আটকে রেখে ধর্ষণ চেষ্টার অভিযোগে কামরুজ্জামান (৫০) নামে এক যুবকে আটক করেছে পুলিশ। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। আটক যুবক উপজেলার ভাবিচা ইউনিয়নের ভালাতৈড় গ্রামের মৃত মোস্তফার ছেলে। রোববার সন্ধ্যায় ভাবিচা ইউনিয়নের ভালাতৈড় গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার দিন ওই নারী হাঁস খোঁজার জন্য কামরুজ্জামানের মর্টার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। তাকে জোর করে মর্টার ঘরের ভেতর নিয়ে মুখে গামছা চেপে ধর্ষণের চেষ্টা করা হয়।