• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যস্ততার মাঝে একটু অবসর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২২, ২০২০, ০২:০৮ পূর্বাহ্ণ
ব্যস্ততার মাঝে একটু অবসর

বাংলাদেশ সরকারের প্রধান তিনি। ১৭ কোটি মানুষের এ দেশের সরকার পরিচালনার গুরুদায়িত্ব তার কাঁধেই। এই দায়িত্ব পালনে তাকে শত ব্যস্ততায় ডুবে থাকতে হয়। এর ফাঁকেই এক টুকরো অবসর খুঁজে বের করেন তিনি। সেই অবসরে তিনি হয়ে ওঠেন একেবারে সাধারণ বাঙালি নারী। এই সাধারণ অবসরযাপনই তাকে করে তোলে অসাধারণ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন সাধারণ অবসরযাপনের দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে শনিবার (২১ নভেম্বর) বিকেলে। একটি ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনের লেকে বড়শি দিয়ে মাছ ধরছেন। আরেকটি ছবিতে দেখা যায়, সাধারণ বাঙালি নারীর মতোই তিনি সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন।

বড়শি দিয়ে প্রধানমন্ত্রীর মাছ ধরার ছবিটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম লিখেছেন, ‘ক্যাপশন দেবার মতো বিদ্যা আমার নাই।

ছবি দুটি নিজ ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক লিখেছেন, ‘সাধারণ বাঙালি নারী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী শেখ হাসিনা। নানা ব্যস্ততার মাঝে তিনি অবসর পেলেই সেলাই করেন কাপড় আর মাছ ধরতে যান গণভবনের পুকুরে। সব হারিয়ে দেশের জন্য সারাদিন কাজ করে যাওয়া এই অনন্য সাধারণ মানুষটির জন্য অনেক ভালোবাসা ও শ্রদ্ধা।’