সাতক্ষীরার কলারোয়া উপজেলায় নিজ ঘরে মো. মোসলেম উদ্দিন (৬০) নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার দেয়াড়া গ্রামের বিশ্বাসপাড়ার নিজ বাড়ি থেকে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির জানান মোসলেম উদ্দিন তার বাড়ির কাছাকাছি বিশ্বাসপাড়ায় নতুন বাড়ি করে সেখানে পরিবারসহ থাকতেন। মঙ্গলবার তার স্ত্রী সাতক্ষীরায় আসায় রাতে তিনি একাই ঘরে ছিলেন।
বুধবার সকালে তার মেয়ে শ্বশুরবাড়ি থেকে এসে দেখতে পান ঘরের দরজায় বাইরে থেকে তালা ঝুলানো। ভেতরে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে।
ওসি জানান, এখন পর্যন্ত হত্যার রহস্য জানা যায়নি। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।