• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

“বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি, মুক্তিযুদ্ধের চেতনারই বিরোধিতা”_রাশেদ খান মেনন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২০, ১১:৪৬ পূর্বাহ্ণ
“বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি, মুক্তিযুদ্ধের চেতনারই বিরোধিতা”_রাশেদ খান মেনন

আজ (২৮/১১/২০২০) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির ভার্চুয়াল সভায় অতিথির বক্তব্যে পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি বলেন, সাম্প্রতিক কালে ভাস্কর্য নিয়ে হেফাজত এবং জামাতিদের বক্তব্য শুধুমাত্র ভাস্কর্যের বিরোধিতা হিসেবে দেখলে চলবে না, তাদের এই বিরোধিতা মূলত আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনা বিরোধী। তারা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দিয়েছে, তার মধ্য দিয়ে যুদ্ধাপরাধী জামাত নেতাদের মৃত্যুদণ্ড এবং শাস্তির বিষয়টি ভিন্ন ভাবে প্রতিক্রিয়া জানানোর অবলম্বনই খুঁজেছে। সাম্প্রতিককালে ব্রিটিশ দলিলে প্রকাশিত ১৫ আগস্ট এর খুনি কর্নেল ফারুকের উক্তি_ “বঙ্গবন্ধু ৭২ এর সংবিধানে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করায় তাকে খুন করেছি” যেটা সামগ্রিক ষড়যন্ত্রের অংশ। মেনন আরো বলেন,ধর্মবাদী রাজনীতির সাথে সমঝোতা করলে পরিণতি যে শুভ হয় না, বঙ্গবন্ধুর ভাস্কর্য ফেলে ভেঙে ফেলার হুমকি তার প্রমাণ। ওয়ার্কার্স পার্টিসহ সকল অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতা বিরোধী এই অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি কমরেড নজরুল হক নিলু, জেলা সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা সাধারণ সম্পাদক কমরেড টিপু সুলতান।
আলোচনায় অংশ গ্রহন করেন কমরেড মোজাম্মেল হক ফিরোজ, অধ্যাপক গোলাম হোসেন, ফাইজুল হক বালি ফারাহিন, গফুর মোল্লা,দিলীপ রাজা,এইচ এম হারুন প্রমূখ।