কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নিখোঁজের একদিন পর মিম খাতুন (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নহির মোড় এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিম ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর এলাকার মদন আলীর মেয়ে।
জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহম্মেদ শওকত জানান, সোমবার সকালে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় মিম খাতুন। তার পর থেকে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকাজুড়ে মাইকিং করেন।
মঙ্গলবার পার্শ্ববর্তী মুসার পুকুরে স্থানীয়রা মিমের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।
ভেড়ামারা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) হাবিব জানান, পুকুরের পানি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।