• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গণপ্রতিরোধের মুখে রাজনৈতিক ধর্ম ব্যবসায়ীরা-রাশেদ খান মেনন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২০, ১০:২৩ পূর্বাহ্ণ
গণপ্রতিরোধের মুখে রাজনৈতিক  ধর্ম ব্যবসায়ীরা-রাশেদ খান মেনন

বরিশাল ব্যুরো
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, গণপ্রতিরোধের মুখে পরে রাজনৈতিক ধর্মব্যবসায়ীরা ফতোয়াবাজি দিয়ে তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছে। পাকিস্তান আমলে যখন মুসলিম লীগের বিরুদ্ধে সমস্ত দেশবাসী রুখে দাঁড়িয়েছিল, তখন এরাই ফতোয়া দিয়েছিল মুসলিম লীগের বিরুদ্ধে ভোট দেয়ার অর্থ হবে মসজিদ ভাঙ্গার সমান। মেনন বলেন, তাদের প্রতি আমার পরামর্শ হলো পাকিস্তান গিয়ে জিন্নাহর ভাস্কর্য হারাম বলে ভাঙার ফতোয়া দিন। ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানে জিন্নাহ’র ভাস্কর্য থাকতে পারলে বাংলাদেশ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা হবে এটা হতে পারে না। আসলে তারা তাদের অতীতকে ভুলতে পারেনি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী যথাযথই পাকিস্তানের হাইকমিশনারকে একাত্তরে পাকিস্তানের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন, তেমনি এদেরকেও তাদের একাত্তরের ভূমিকা স্মরণ করিয়ে দেয়া প্রয়োজন। মেনন আরও বলেন, এই সকল আলেমদের ফতোয়া দেয়ার আইনগত কোনো অধিকার নেই, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে আদেশ দিয়েছিলেন, একমাত্র ইসলামী ফাউন্ডেশনই ফতোয়া দেয়ার সামর্থ্য রাখে। তারা এখানেও আইন ভাঙলো, আমরা আশা করি তাদের আইন ও সংবিধান বিরোধী আচরণের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। শনিবার সকাল ১০টায় বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত পলিটব্যুরো সাবেক সদস্য, প্রখ্যাত শ্রমিক নেতা সফিউদ্দীন আহমেদ, আবুল হোসেন এবং সিরাজুল ইসলাম এর শোক সভার ভার্চুয়াল আলোচনায় তিনি এসব কথা বলেন।
জেলা সভাপতি নজরুল হক নিলু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা নেতা মোজাম্মেল হক ফিরোজ, জাকির হোসেন, ফাইজুল হক বারি ফারাহিন, গোলাম হোসেন, শাহিন হোসেন, এইচ এম হারুন, দিলিপ রাজা, ছাত্র মৈত্রী নেতা শামিল শাহরোখ তমাল, মিন্টু দে প্রমুখ।