সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাড়ি যাওয়ার পথে সিরাজ শিকদার ও তার ছেলে সাঈদ শিকদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিরাজ সিকদার ও সাঈদ সিকদার উপজেলার চর কোনাবাড়ি গ্রামের বাসিন্দা। সিরাজ সিকদার শীর্ষ নৌ-ডাকাত এবং সাত মামলার আসামি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজ শিকদার ও তার ছেলে সাঈদ শিকদার স্থানীয় বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে উল্লেখিত স্থানে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।