• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জ পৌর নির্বাচন : প্রচার-প্রচারণায় জমে উঠছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২০, ১৭:১০ অপরাহ্ণ
বাকেরগঞ্জ পৌর নির্বাচন : প্রচার-প্রচারণায় জমে উঠছে

বাকেরগঞ্জ: আগামী ২৮ ডিসেম্বর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের গণসংযোগ আর প্রচার-প্রচারণায় জমে উঠছে আসন্ন বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচন। পৌরসভার রাস্তাঘাট, অলিগলি ও পাড়া-মহল্লা এখন মিছিল, স্লোগানমুখর। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। চায়ের দোকান থেকে শুরু করে বসতবাড়িতেও এখন আলোচনার বিষয় শুধু নির্বাচন। প্রার্থীরা ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকা। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অংশ নিয়েছেন।

আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বর্তমান মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া ব্যাপক গণসংযোগ করে বেড়াচ্ছেন। পাশাপাশি সমানভাবে চালাচ্ছেন উঠান বৈঠক ও মাইকিং। জয়ের ব্যাপারে শতভাগ আশা ব্যক্ত করে তিনি বলেন, আমি মেয়র থাকাকালীন পৌরসভাকে বি-গ্রেড থেকে এ-গ্রেডে উন্নীত নিয়েছি। পাড়ায় পাড়ায় রাস্তা ও ড্রেন হয়েছে। অসহায় লোকজন পেয়েছেন বিধবা ও বয়স্ক ভাতার কার্ড। দেয়া হয়েছে মাতৃত্বকালীন ভাতা। বিশেষ করে শহরের সড়কে রাতে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। পৌরবাসী পেয়েছেন সুন্দর আধুনিক পৌর শহর। জমির মূল্য বেড়েছে কয়েকগুণ। জলাবদ্ধতা কমেছে। নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার হচ্ছে। মেয়র হিসেবে করোনাকালীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। পৌরবাসীর ঘরে-ঘরে পৌঁছে দিয়েছি চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এখন সিদ্ধান্ত নেবেন ভোটাররা কাকে মেয়র বানাবেন।

অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থী এসএম মনিরুজ্জামানের পক্ষে দলীয় নেতাকর্মীদের তেমন একটা প্রচারণায় দেখা মিলছে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা খলিলুর রহমান তার দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তিনি ভোট সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদী।

একইভাবে নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করে পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন কাউন্সিলর ও মহিলা প্রার্থীরাও। সবাই নিজ নিজ প্রতীকে ভোট দিতে ভোটারদের কাছে অনুরোধ জানাচ্ছেন।

আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে প্রথমবারের মতো বাকেরগঞ্জে পৌরসভায় ভোটগ্রহণ হবে। নির্বাচনে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ২৫ জন এবং মহিলা কাউন্সিলর পদে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় খন্দকার জিয়াউর রহমান রিপন কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন।

বাকেরগঞ্জ পৌরসভায় ভোটার ১৫ হাজার ৩০৪ জন। এর মধ্যে পুরুষ ৭ হাজার ৬৭০ জন এবং মহিলা ৭ হাজার ৩৩৪ জন। ৯ ওয়ার্ডে ভোট কেন্দ্র ৯টি।