নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) বরিশালের সভাপতি ডাঃ মোঃ ইসতিয়াক হোসেন করোনামুক্ত হয়ে সুস্থতা লাভ করেছেন। এর আগে গত ১ ডিসেম্বর তার করোনা পজিটিভ হয়েছিল। সম্প্রতি আবারো পরীক্ষা করালে তাতে নেগিটিভ আসে। তার সুস্থতার খবরে চিকিৎসক মহল সহ সংস্লিষ্ট সবার মাঝে স্বস্তি ফিরে আসে।
করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে সাধারণ মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিতে চিকিৎসক মহলে তিনি ছিলেন সরব। মাঠপর্যায়ে এই কাজ করতে গিয়ে অবশেষে তিনি নিজেও করোনা আক্রান্ত হয়ে পড়েন। বিশ্ব মহামারী করোনা বাংলাদেশে আসার পর থেকে বরিশাল অঞ্চলে করোনা সংক্রমণ থেকে রক্ষা, আক্রান্তদের চিকিৎসা, ডাক্তার নার্সদের নিরাপত্তা নিশ্চিতে উল্লেখযোগ্য ভুমিকা রেখে চলেছেন ডাঃ ইসতিয়াক হোসেন।
শেবাচিম হাসপাতালে করোনা পরীক্ষাগার স্থাপন, করোনা ওয়ার্ডে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করণ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবকদের কাছ থেকে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা অনুদান সংগ্রহ, চিকিৎসা সেবায় নিয়োজিতদের নিরাপত্তায় পিপিই প্রদানে ভুয়সি ভুমিকা পালন করেন তিনি। নিজ অর্থায়নে অনেক মানুষকে করোনা উপসর্গের চিকিৎসা ও ঔষধ প্রদান করেছেন। তাছাড়া কোন প্রচারণা ছাড়াই করোনাকালে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন নিরবে নিভৃতে। ইসলামী ব্যাংক হাসপাতালে সুপারিনটেনডেন্ট এর দায়িত্ব পালন করায় করোনাকালে চিকিৎসা সেবা অব্যাহত রাখতে নিজে সার্বক্ষণিক মাঠপর্যায়ে থেকে কার্যক্রম তদারকি করেন।
বরিশালে প্রাইভেট ডাক্তারদের চেম্বার বন্ধ হলে সর্বপ্রথম ডা. ইসতিয়াক হোসেনের উদ্যোগে প্রাইভেট চেম্বার শুরু করেন কয়েকজন চিকিৎসক। অবশেষে তার আহবানে সাড়া দিয়ে অন্যান্য চিকিৎসকবৃন্দ চেম্বার শুরু করেন। এতে দক্ষিণাঞ্চলের মানুষদের দীর্ঘ ভোগান্তির অনেকটাই লাঘব হয়।