নলছিটি প্রতিনিধি: দক্ষিণাঞ্চলের উপকূলীয় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় গত কয়েকদিন ধরে বেড়েছে শীতের তীব্রতা। হাড় কাপানো শীত জেঁকে বসেছে নিম্ন আয়ের মানুষের গাঁয়ে। কনকনে শীতে সবচেয়ে বেশি অসুবিধায় পরেছে ছিন্নমূল খেটে খাওয়া মানুষগুলো। শীত নিবারনের জন্য নেই তাদের পর্যাপ্ত শীতবস্ত্র। তাই শীত নিবারনে দরিদ্র ও অসহায় মানুষজনকে কম্বল দিয়েছেন নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। আজ রাতে (বুধবার) শহর থেকে গ্রামে ছুটে গিয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন বিভিন্ন স্থানের শীতার্তদের কাছে শীতবস্ত্র পৌছে দিচ্ছেন। শহরের মহিলা এতিমখানায়, রিক্সা চালক ও পথে পথে উপজেলার বিভিন্ন স্পটে মানষিক ভারসম্যহীনসহ প্রায় দুইশত মানুষের হাতে কম্বল তুলে দেন তিনি।
উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন বলেন, নলছিটি উপজেলায় শীতার্তদের জন্য প্রশাসনের পক্ষ থেকে অসহায় মানুষকে এই শীতবস্ত্র বিতরণ অব্যহত রয়েছে। এটা কেবল মানবিক কাজই নয়,আমাদের দায়িত্ব। সরকারের পাশাপাশি তিনি স্বচ্ছল ব্যক্তিবর্গকেও এগিয়ে আসার আহ্বান জানান। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন খরাতী উপস্থিত ছিলেন। হাড় কাপানো শীতে কম্বল পেয়ে খুশী শীতার্ত ছিন্নমূল মানুষগুলো।