দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত একটি কম্বল পাওয়ার আশায় বসে ছিলেন হতভাগা অসহায় ষাটোর্ধ্ব বৃদ্ধা সোফিয়া বেগম। সাড়ি বেঁধে যখন সবাই যখন শীতবস্ত্র নিয়ে ছুটছিল সোফিয়াও মনে করেছিল তাকেও মনে হয় শীতবস্ত্র দিবে কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও তার ভাগ্যে জোটেনি একটি কম্বল। শুধু সোফিয়া না এরকম প্রায় অর্ধশত নারী-পুরুষ যারা প্রকৃত গরীব তাদেরও ফিরতে হয়েছে খালি হাতে।
শুক্রবার সকাল ১০টায় দুমকি উপজেলা সরকারী জনতা কলেজ মাঠে ঢাকাস্থ দুমকি জনকল্যাণ সমিতির উদ্যোগে উপজেলার ৫ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ঢাকাস্থ দুমকি জনকল্যাণ সমিতির সভাপতি এড. মো: রুহুল আমীনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধন করেন সংস্থার প্রধান উপদেষ্ঠা বিশিষ্ট শিল্পপতি আজমত গ্রুপের চেয়ারম্যান ড. মো. আতাহার উদ্দিন সিআইপি। অনুষ্ঠানে সমিতির সিনিয়র সহ-সভাপতি এম. এ রব, কর্নেল হাসান নাঈম, মো: আবু জাফর, জেএম আনিসুর রহমান, মেহেদী হাসান মো: নাসির উদ্দিন বিশেষ অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো: আবুল হোসেন, প্রেসক্লাব, দুমকির সভাপতি অধ্যক্ষ মো: জসিম উদ্দিন সুমন, সাংবাদিক জাকির হোসেন প্রমুখ বক্তৃতা করেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ তালিকাভুক্ত অসহায় দরিদ্রদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করেন।
সংস্থা সূত্রে জানাযায়, প্রতিটি ইউনিয়নে ২শ’ করে মোট ৫টি ইউনিয়নে ১হাজার অসহায় দরিদ্র পরিবারের তালিকা প্রণয়ন করত: টোকেন প্রদান করা হয়। এই টোকেন পাওয়া পরিবারগুলোকেই কম্বল প্রদান করা হয়েছে। প্রণীত তালিকা নিয়ে স্বজন প্রীতির অভিযোগ করেছেন কম্বল না পাওয়া অনেক দরিদ্র অসহায় মানুষ। তারা অভিযোগ করেন, দায়িত্বরত কর্মকর্তারা প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষকে তালিকায় অন্তর্ভুক্ত না করে তাদের আত্মীয় পরিজনদের নাম দিয়ে কম্বল নিয়েছে। যে কারণে শুধু সোফিয়া না অর্ধশতাধিক মানুষ উপস্থিত হলেও কম্বল না পেয়ে মনখারাপ করে ফিরে গেছেন।
এবিষয়ে ঢাকাস্থ দুমকি উপজেলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর বলেন, আমাদের প্রতি ওয়ার্ড মেম্বরদের প্রকৃত অসহায়দের তালিকা করতে বলা হয়েছে। এছাড়াও আমাদের বাজেট কম থাকার কারণে সবাইকে দেয়া সম্ভব হয়নি।
#