• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটি পৌরসভা নির্বাচনে পাচ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২০, ১১:২৫ পূর্বাহ্ণ
নলছিটি পৌরসভা নির্বাচনে পাচ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নলছিটি প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মনোনীতসহ পাঁচ মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। দলের মনোনিত প্রার্থী ছাড়াও দুই স্বতন্ত্র প্রার্থী, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সি ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুর রহমান প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন।
বাংলাদেশের দ্বিতীয় পৌরসভা নলছিটি। তৃতীয় ধাপে এ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকালে নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান বাসস্ট্যান্ডের বিজয় উল্লাস-৭১ চত্বরে সমাবেশ করেন। পরে জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীসহ সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এর কিছুক্ষণ আগে নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির মনোনিত মেয়র প্রার্থী মো. মজিবুর রহমান। এছাড়াও সতন্ত্র মেয়র প্রার্থী, সাবেক মেয়র মো. মাসুদ খান, ডা. এসকেন্দার আলী খান ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা শাহ জালাল মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে নির্বাচনে ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর হিসেবে ৩৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর হিসেবে ১৩ মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ৩ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই ও বাছাই করা হবে। ১০ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে। প্রতীক বরাদ্দের পর এ পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নলছিটি পৌরসভা নির্বাচনে ২৪ হাজার ১০১ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১২ হাজার ৫১ জন নারী ও ১২ হাজার ৫০ জন পুরুষ ভোটার রয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৩টি কেন্দ্রের ৭৯ বুথে ভোট গ্রহণ করা হবে বলে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুর রহমান জানিয়েছেন।