• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২, ২০২১, ০৩:১০ পূর্বাহ্ণ
বরিশালে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভিডিও কনফারেন্স চলাকালে বরিশালে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও মারামারিসহ তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।

এসময় দুই গ্রুপকে নিবৃত করতে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন মহানগর ছাত্রদলের সভাপতি রনি। এনিয়ে তুমুল বিশৃঙ্খলার কারণে শেষ পর্যন্ত ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নিতে পারেনি জেলা ও মহানগর ছাত্রদলের একাংশ।

ঘটনাটি ১ জানুয়ারি শুক্রবার বিকাল ৪টার দিকে বরিশাল নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের দ্বিতীয় তলায় ঘটেছে।

জানা গেছে, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে ভিডিও কনফারেন্স এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি ছাত্রদলকে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

শুক্রবার বিকেল ৪ টায় অনুষ্ঠিত ওই ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন সারা দেশের ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। ভিডিও কনফারেন্সে সংযুক্ত হতে বিএনপি’র দলীয় কার্যালয় উপস্থিত হন বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহবুব আলম মিঠু, মহানগর ছাত্রদলের সভাপতি রনি এবং সাংগঠনিক সম্পাদক এনামুল হক তসলিমসহ অন্যান্য নেতাকর্মীরা।

ভিডিও কনফারেন্স এর শুরুতে সামনের সারিতে বসা নিয়ে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান তানজিল ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক তসলিমের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাংগঠনিক সম্পাদক এনামুল হক তসলিম ক্ষিপ্ত হয়ে তানজিলের উপরে হামলা করে।

তখন তানজিলও পাল্টা হামলা করলে দুজনের মধ্যে হাতাহাতি এবং পরবর্তীতে তা মারামারি পর্যন্ত গড়ায়। এসময় ওই দুই নেতার অনুসারীদের মধ্যেও দেখা দেয় চরম উত্তেজনা।

পরিস্থিতি বড় আকার ধারণ করার আগেই ঘটনাস্থলে উপস্থিত জেলা ছাত্রদলের সভাপতি মাহবুব আলম মিঠু এবং মহানগর ছাত্রদল সভাপতি জনিসহ অন্যান্য নেতারা দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করে।

তাদের ছাড়াতে গিয়ে মহানগর ছাত্রদলের সভাপতি জনি শারীরিকভাবে লাঞ্ছিত হন বলে জানান ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীরা। এমনকি দুই পক্ষের বিশৃঙ্খলার কারণে শেষ পর্যন্ত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ভিডিও কনফারেন্সে যোগ দিতে পারেননি বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের ওই অংশটি।

এ বিষয়ে মহানগর ছাত্রদলের সভাপতি রনি এবং বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মিঠুর সাথে তাৎক্ষনিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে বিষয়টি নিয়ে তাদের বক্তব্য জানা যায়নি।