সাইফুল ইসলাম,বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সরোয়ার মাহমুদ এর নেতৃত্বে রহমতপুর ইউনিয়নের ইউপি সদস্য সদস্যা, বিএনপি ও ওয়ার্কার্স পার্টির বেশ কয়েকজন নেতা সহ শতাধিক নেতাকর্মী আ’লীগে যোগদান করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার কলেজ গেট এলাকায় ব্যাপক লোক সমাগমের মাধ্যমে আওয়ামীলীগের পার্টি অফিসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল ও সাধারণ সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন এর হাতে ফুলের তৈরী প্রতীকি নৌকা তুলে দিয়ে আ’লীগে যোগদান করেন।
রহমতপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় এই চেয়ারম্যান আলহাজ্ব সরোয়ার মাহমুদের যোগদান অনুষ্ঠান উপলক্ষে উপজেলার ৬ টি ইউনিয়ন থেকে প্রায় দুই সহস্রাধিক নেতা-কর্মীদের উপস্থিতি দেখা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ন নেতা বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র দিক নির্দেশনায় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল ও সাধারন সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন এর হাতে ফুলের তৈরী প্রতীকি নৌকা তুলে দিয়ে তারা আ’লীগে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতারা সহ উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান, মাধবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, কেদারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরে আলম বেপারী, জাহাঙ্গীর নগর আগরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
যোগদান অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতির সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তারুজ্জামান মিলন, সদ্য যোগদান কৃত চেয়ারম্যান আলহাজ্ব সরোয়ার মাহমুদ, ইউপি সদস্য জামাল হোসেন পুতুল, ইউপি সদস্য জসিম উদ্দিন প্রমুখ।