• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১২ বছরের শিশুর হাতে দুই বছরের শিশু খুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২১, ০৩:৪৬ পূর্বাহ্ণ
১২ বছরের শিশুর হাতে দুই বছরের শিশু খুন

পাবনার চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে নৃশংসভাবে খুন হলো খাদিজা খাতুন নামের দুই বছর বয়সী এক শিশু।

বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অভিযুক্ত আহসান হাবীবকে (১২) আটক করেছে পুলিশ।

খাদিজা ওই গ্রামের বাবলু হোসেনের মেয়ে। আর আহসান হাবীব একই গ্রামের সুরুজ হোসেনের ছেলে। সম্পর্কে তারা আপন মামাতো-ফুপাতো ভাইবোন।

স্থানীয়রা জানান, আহসান হাবীব মানসিক ভারসাম্যহীন। মাঝে মধ্যেই গ্রামের লোকজনকে মারধর করে। প্রতিবেশী হওয়ায় বিকালে খাদিজার মা বিউটি খাতুন খাবার কিনে দিতে আহসান হাবীবকে ১০ টাকা দেন। পরে সে শিশু খাদিজাকে কোলে নিয়ে স্থানীয় একটি দোকান থেকে খাবার কিনে দেয়।

এরপর থেকে তাদের কোনো খোঁজ ছিল না। রাত পৌনে ৮টার দিকে বাড়ির অদূরে নির্মাণাধীন একটি বাড়িতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

পাবনার সিনিয়র এএসপি সজীব শাহরীন জানান, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন ও নির্মাণাধীন ভবনের দেয়ালে রক্তের চিহ্ন দেখে প্রাথমিক ধারণা করছি, শিশুটির মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িত শিশুটির মামাতো ভাই আহসান হাবীবকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।