• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে সৈকত পরিষ্কার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২১, ১৫:৫২ অপরাহ্ণ
কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে সৈকত পরিষ্কার

হোসাইন আমির, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি ॥
কুয়াকাটা সৈকতে এখন আর সেই পুরানো দৃশ্য পর্যটকদের চোখে পড়াপর আশঙ্কা নেই। সবত্র পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। সপ্তাহে নিয়ম করে দু’বার এখন কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় অভিযান চালানো হয়। এ মহতি উদ্যোগ নিয়েছেন কুয়াকাটা জোনের ট্যুরিস্ট পুলিশ। স্থানীয় ব্যবসায়ী এবং স্বেচ্ছাসেবি সংগঠনগুলোর কর্মীরা তাদের সহায়তায় এগিয়ে এসেছেন।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের কার্যক্রম শুরুর পর থেকেই পর্যটক বান্ধন না থাকার অভিযোগ ছিল পর্যটকসহ স্থানীয় ট্যুরিজম ব্যবসায়ীদের। জেলা পুলিশসহ অপরাপর পুলিশের পদায়নে চলছিল তথাকথিত ট্যুরিস্ট পুলিশিং। যথাযথ প্রশিক্ষণ না দিয়েই এসব পুলিশ অফিসার পর্যটকদের দেখভালের দায়িত্ব থাকলেও উল্টো শাসন শোষণে অতিষ্ঠ হয়ে উঠেছিল কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকরা। সম্প্রতি কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনে সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহরাব হোসাইন যোগদানের পর বদলে ফেলে ট্যুরিস্ট পুলিশের দৃষ্টিভঙ্গি, পাল্টে যায় সৈকতের চিরচেনা পরিবেশ। গত কয়েকদিন ধরে সৈকতের ব্যবসায়ীদের নিয়ে দফায় দফায় মিটিং করে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় নিয়ে এসেছেন বেঞ্চ ছাতা, ট্যুরিস্ট বোট, ট্যুরিস্ট গাইড, ক্যামেরাম্যান, ষ্ট্রীট ফুডসহ সৈকত কেন্দ্রীক ব্যবসায়ীদের। সর্বশেষ রোববার সকালের দিকে শতাধিক স্বেচ্ছাসেবি ও কুয়াকাটা জোনের ট্যুরিস্ট পুলিশ সদস্যরা দুই ঘন্টাব্যাপী কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের দু’দিকে এক কিঃ মিঃ এলাকা পরিচ্ছন্নতায় নামেন। এসময় আগত পর্যটকরাও এসব কার্যক্রমে অংশ নেয়। সৈকত পরিচ্ছনতায় অংশ নেওয়া ঢাকা থেকে আসা পর্যটক মাসুদ পারভেজ সাগর বলেন, শুধু ফটোসেশন করে লাভ হবে না, পরিচ্ছনতা শুরু হোক নিজ থেকে। তার মতে, কুয়াকাটা সৈকতে এর আগেও তিনি এসেছেন। কিন্তু সৈকতের এখনকার পরিবেশ বজায় রাখতে সক্ষম হলে পর্যটকরা স্বস্তি পাবেন। এছাড়া একবার ব্যবহারযোগ্য পণ্য সৈকতে ব্যবহার থেকে বিরত থাকতে পরামর্শও দিয়েছেন তিনি।

প্রশস্ত ও ঝঁকঝঁকে সৈকতে নেমে বিমোহিত পর্যটক মামুনুর রহমান রোববার সকালে জানিয়েছেন, সৈকত পরিচ্ছনতা একটি চলমান প্রক্রিয়া। ট্যুরিস্ট পুলিশের এমন কার্যক্রমের কথা জেনে তিনি আরও বলেন, রুটিন করে সৈকত পরিচ্ছনতায় নামা এ উদ্যোগকে স্বাগত জানাই।

সৈকতের ক্যামেরাম্যান তৈয়বুর রহমান বলেন, ট্যুরিস্ট পুলিশের আয়োজনে সব কিছুই সুশৃঙ্খল ব্যবস্থাপনায় নিয়ে এসেছেন। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সিনিয়র এএসপি সোহরাব হোসাইন বলেন, এখন থেকে রুটিন করে সপ্তাহে দু’দিন করে সৈকত পরিচ্ছনতায় নামা হবে। কুয়াকাটাকে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র বিন্দুতে পরিনত করতে কাজ করে যাবে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ। # # #