• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আবুধাবিতে নাসিরের দারুন বোলিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২১, ০৮:৪৮ পূর্বাহ্ণ
আবুধাবিতে নাসিরের দারুন বোলিং

আবুধাবি টি-টেন টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন নাসির হোসেন। তাঁর এমন বোলিংয়ের দিনে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে পুনে ডেভিলস ।

গতকাল বৃহস্পতিবার নাসিরের নেতৃত্বে ডেকান গ্ল্যাডিয়েটর্সকে ৭ উইকেটে হারায় পুনে ডেভিলস। বল হাতে ২ ওভারে ১৮ রান দিয়ে তিনটি উইকেট নেন নাসির। অথচ ঘরের মাঠে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফিটনেস পরীক্ষায় পাস না করতে পারায় খেলতেই পারেননি নাসির।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা ডেকানের ইনিংসের শুরুতেই জোড়া আঘাত হানেন নাসির। ইনিংসের দ্বিতীয় আর নিজের প্রথম ওভারে ৯ রান দিয়ে দুই ওপেনার সুনিল নারাইন ও মোহাম্মদ শাহজাদকে সাজঘরে পাঠান তিনি। এরপর সপ্তম ওভারে বোলিংয়ে এসে আউট করেন প্রশান্ত গুপ্তাকে। এর মধ্যে দলটির অধিনায়ক পোলার্ডকে ফেরান মুনিস আনসারি। পুনে ডেভিলসের দারুণ বোলিংয়ে শেষ পর্যন্ত ১০৪ রানে থামে ডেকান গ্ল্যাডিয়েটর্স। ১৩ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন আজম খান। ১৭ বলে ২৫ রান করেন ক্যামেরন ডেলপোর্ট।

জবাব দিতে নেমে চার বল হাতে রেখে জয় তুলে নেয় নাসিরের দল। দলকে জয়ের কাছে নিতে অবদান রাখেন লুইস। ২৮ বলে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। ১১ বলে ১৮ রান করেন চ্যাডউইক ওয়ালটন। নাসিরকে আর ব্যাটিংয়ে নামতে হয়নি।

সংক্ষিপ্ত স্কোর:

ডেকান গ্ল্যাডিয়েটর্স : ১০ ওভারে ১০৫/৫ (শাহজাদ ৮, নারাইন ১, ডেলপোর্ট ২৫, পোলার্ড ২, প্রশান্ত ১৭, আজম ৩৭*, ইমতিয়াজ ৬*; আমির ২-০-২০-০, নাসির ২-০-১৮-৩, ভিলিওন ২-০-২৪-০, আনসারি ২-০-১-২, ভিসনিভস্কি ১-০-১২-০, কারান ১-০-১৭-০)

পুনে ডেভিলস : ৯.২ ওভারে ১০৬/৩ (টম কোলার-ক্যাডমোর ১২, লুইস ৫৭*, চ্যাডউইক ১৮, রাসুলি ৬, আসিফ ৬*; নারাইন ২-০-১৮-১, রামপাল ২-০-১৩-১, তাহির ২-০-১৬-০, জহুর ২-০-২৪-১, সামার্স ১-০-১৮-০, পোলার্ড ০.২-০-১২-০)

ফল : পুনে ডেভিলস ৭ উইকেটে জয়ী।