চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিদেশি পিস্তল ও ম্যাগজিনভর্তি গুলিসহ এক সিঅ্যান্ডএফ এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৩২)।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে দুর্গাপুর বাজারের আসবাবপত্রের দোকান থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।
সাইফুল উপজেলার দুর্গাপুর গ্রামের আবুল কালামের ছেলে। চট্টগ্রাম শহরের একটি সিঅ্যান্ডএফ এজেন্সির সঙ্গে তিনি যুক্ত। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে সাইফুল ইসলামের বিরুদ্ধে বলে জানান জোরারগঞ্জ থানার ওসি মো. নুর হোসেন মামুন।
তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে দুর্গাপুর বাজারের আসবাবপত্রের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার কাছ থেকে লাইসেন্সবিহীন একটি পিস্তল ও আটটি গুলিভর্তি ম্যাগজিন উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।