• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে পিকআপ চালককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২১, ১০:০৩ পূর্বাহ্ণ
আমতলীতে পিকআপ চালককে কুপিয়ে জখম

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলার বান্দ্রা নামক স্থানে পিকআপ চালক সোহাগ হাওলাদারকে (৩০) আড়পাঙ্গাশিয়া ইউপি সদস্য মোঃ জসিম মৃধা ও তার ছেলে মিরন কুপিয়ে গুরুতর জখম করেছে। আহত পিকআপ চালক সোহাগ হাওলাদারকে পুলিশ উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত ৯ টার দিকে।
জানাগেছে, আমতলী- তালতলী আঞ্চলিক সড়কের তারিকাটা বাজার থেকে পিকআপ নিয়ে সোহাগ হাওলাদার এবং আড়পাঙ্গাশিয়া ইউপি সদস্য মোঃ জসিম মৃধা ও তার ছেলে মিরন মৃধাসহ ৮-৯ জন লোক তিনটি মোটর সাইকেলে আমতলী যাচ্ছিল। পথিমধ্যে আজিমপুর নামক স্থানে পিকআপটির সাথে ইউপি সদস্যের ছেলে মিরনের মোটর সাইকেলে ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয় ইউপি সদস্য তার লোকজন। পরে তারা পিকআপটি ধাওয়া করে বান্দ্রা নামক স্থানে আটকে ফেলে। ওই স্থানে পিকআপ চালক সোহাগ হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান বাহু ও ডান হাতের কনুইতে গুরুতর জখম করে। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউপি সদস্য ও তার লোকজন পালিয়ে যায়। ওই সময় স্থানীয়রা রাকিব নামক এক সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আহত সোহাগকে পুলিশ উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ শাহাদাত হোসেন তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।
আহত সোহাগ হাওলাদারের বাবা শাহ মোঃ নুরুল্লাহ বলেন, আমার ছেলেকে ইউপি সদস্য জসিম মৃধা ও তার ছেলে সন্ত্রাসী মিরন অহেতুকভাবে কুপিয়ে ডান বাহু ও ডান হাতের কনুই কেটে দিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
ইউপি সদস্য মোঃ জসিম মৃধা বলেন, পরিকল্পিতভাবে সোহাগ হাওলাদার আমাদের মোটর সাইকেলের উপরে পিকআপ তুলে দিয়ে দ্রুত চালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ধরে সোহাগকে গণধোলাই দিয়েছে। এতে আমার কোন সংশ্লিষ্টতা নেই।
আমতলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, সোহাগকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।