• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকির পাংগাশিয়া-আংগারিয়া-মুরাদিয়া ইউনিয়নে নির্বাচন ১১ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২১, ০৩:৫৫ পূর্বাহ্ণ
দুমকির পাংগাশিয়া-আংগারিয়া-মুরাদিয়া ইউনিয়নে নির্বাচন ১১ এপ্রিল

দেশের ২০ জেলার ৬৩ উপজেলার ৩২৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী ১১ এপ্রিল ভোটগ্রহণের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২ মার্চের পর তফসিল ঘোষণা করা হবে।

বুধবার নির্বাচন কমিশনের (ইসি) ৭৬তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা ৭ এপ্রিল থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর প্রস্তুতির কথা জানিয়েছিলেন। বুধবার কমিশন সভায় ওই তারিখ পরিবর্তন করে ১১ এপ্রিল নির্ধারণ করা হয়।

সিইসি কেএম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় তিন নির্বাচন কমিশনার, ইসির সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। তবে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বৈঠকে উপস্থিত ছিলেন না।

কমিশনের সিদ্ধান্তের বিষয়ে ইসি সচিব বলেন, ৩২৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪১টি ও ৯টি পৌরসভার সব কটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট গ্রহণ করা হবে। দশটি আঞ্চলিক নির্বাচন অফিস বিবেচনায় নিয়ে এসব ইউপি বাছাই করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত রোজার আগে একটি ধাপে ইউপি ভোটগ্রহণ হবে। এরপর রমজান চলে আসবে। নির্বাচন কমিশন রমজান মাসে নির্বাচন না করার চিন্তা করছে। বাকি ইউনিয়ন পরিষদগুলোয় কত ধাপে ভোট হবে, তা কমিশন এখনো সিদ্ধান্ত নেয়নি বলে জানান তিনি। ইসি সচিব বলেন, কমিশনের লক্ষ্য একটাই- অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট হবে। এ জন্য সব ধরনের পদক্ষেপ থাকবে।

প্রথম ধাপে যেসব ইউপিতে আগামী ১১ এপ্রিল নির্বাচন হবে- তার তালিকা দেওয়া হলো:

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাংগাশিয়া, আংগারিয়া ও মুরাদিয়া ইউনিয়ন। বাউফল উপজেলার ধুলিয়া, কেশবপুর, বগা, মদনপুরা, নাজিরপুর ও চন্দ্রদ্বীপ ইউনিয়ন। দশমিনা উপজেলার আলীপুর, বহরমপুর ও বাঁশবাড়িয়া ইউনিয়ন। গলাচিপা উপজেলার আমখলা, গোলখালী, চিকনিকান্দি ও রতনদী তালতলী ইউনিয়ন।