১৩ মার্চ শনিবার বিকেল ৫ টায় অশ্বিনীকুমার টাউন হল চত্বরে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, শ্রমিক নেতা রুহুল আমিনসহ গ্রেফতারকৃতদের মুক্তি ও কালো আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।বরিশালের বিক্ষুদ্ধ ছাত্র-জনতার আয়োজনে উক্ত সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় এই কালো আইন বাতিল চেয়ে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় কমিটির পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক সুজয় বিশ্বাস শুভ, ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সহ-সভাপতি হাসিব আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা মাহমুদুল হাসান তমাল, ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক রাইদুল ইসলাম সাকিব প্রমুখ। সমাবেশে প্রতিবাদী সংগীত পরিবেশন করেন ছাত্র ইউনিয়ন সরকারি ব্রজমোহন কলেজ সংসদের সভাপতি কিশোর চন্দ্র বালা, কবি হুজাইফা রহমান প্রমুখ। সমাবেশে প্রতিবাদী কবিতা আবৃত্তি করেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সদস্য আলিসা মুনতাজ, ছাত্র ইউনিয়ন বরিশাল জেলার অর্থ সম্পাদক সৈকত চন্দ্র দে, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংগঠক আনিকা সিঁথি, অদিতি সপ্তর্ষি, রাকিব মাহমুদ প্রমুখ। বক্তব্যে, কবিতায়, গানে অনতিবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী তোলা হয়। বক্তারা বলেন এই আইন মূলত ফ্যাসিস্ট সরকারকে নিরাপত্তা দেয়ার জন্য তৈরী হয়েছে। খুন, ধর্ষণ, দুর্নীতি করা আসামীরা জামিন পেলেও এই কালো আইনে গ্রেফতারকৃতরা জামিন পাচ্ছেন না কারণ সরকার জনগনের কণ্ঠ রোধ করার জন্য এই আইনকে একটা কন্ঠরোধী হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চায়। কারাগারে লেখক মুশতাককে খুন, কার্টুনিস্ট কিশোরকে নির্যাতনের দায়ভার রাষ্ট্রকে নিতে হবে। সরকার বিরোধী মত দমন করার জন্যই এই কালো আইন তৈরী করেছে, এখন জনগণকে তার কথা বলার অধিকারের জন্য রাস্তায় নামার বিকল্প নেই। সমাবেশ থেকে এই আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।